ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সপ্তম সিটি করপোরেশন হিসেবে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে রংপুর।
এজন্য আসন্ন পৌরসভা নির্বাচনে রংপুর বিভাগের তফসিল পুনর্বিন্যাস করবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আরসিসি ঘোষণার উদ্যোগ জানার পর ইসি এ সিদ্ধান্ত নিয়েছে।
রোববার রাতে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয় সরকার সচিব রোববার ইসির বৈঠকে রংপুর সিটি করপোরেশন ঘোষণা করা হচ্ছে বলে জানিয়েছেন। এ বিষয়ে দুয়েক দিনের মধ্যে সরকারের আনুষ্ঠানিক চিঠি পেলেই ওই বিভাগের অন্তর্ভুক্ত পৌরসভার তফসিল পুনর্বিন্যাস করতে হবে।"
গত বৃহস্পতিবার সাত বিভাগের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।
আগামী ১২, ১৩, ১৭ ও ১৮ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, রংপুর বিভাগের ২৭টি এবং রাজশাহী বিভাগের ৪৯টি পৌরসভার ভোট গ্রহণ হবে ১২ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ ডিসেম্বর। যাচাই-বাছাই ১৪ ও ১৫ ডিসেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ২৬ ডিসেম্বর।
ওই দিনই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম শহীদ খান রংপুরে এক সভায় জানান, আগামী দুই মাসের মধ্যে রংপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে।
এ জন্য প্রশাসনিক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে সচিব জানান, দেশের সপ্তম বিভাগ হিসেবে এ বছরই যাত্রা শুরু করে রংপুর।
নির্বাচন কমিশনার ছহুল হোসাইন জানান, নতুন করে রংপুর বিভাগের সিটি করপোরেশন ঘোষিত হলে পৌরসভা নির্বাচনের কিছুদিন পর আবার সিটি করপোরেশন নির্বাচন করতে হবে।
"একই এলাকায় দুইবার নির্বাচন করতে চাই না আমরা। সিটি করপোরেশন হলে কোনো পৌরসভা আরসিসিতে অন্তর্ভুক্ত হলে, কোনটি সিটি করপোরেশনের বাইরে থাকছে-সব বিবেচনা করে নতুন করে সময়সূচি করতে হবে" বলেন এই নির্বাচন কমিশনার।
ছয়টি বিভাগীয় শহরে সিটি কর্পোরেশন রয়েছে।
ঢাকা কিংবা অন্য কোনো বিভাগের তফসিল পুনর্বিন্যাস করা হতে পারে কিনা জানতে চাইলে ছহুল হোসাইন বলেন, "সরকারের বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে। কোনো সিটি করপোরেশন দুইভাগ করা হতে পারে এবং কোথাও নতুন করে এলাকা যুক্ত হতে পারে। এসব বিষয়ে সরকারের সিদ্ধান্ত পেলেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে ইসি।"
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, খুলনার ৩৩টি এবং বরিশালের ২১টি পৌরসভায় ভোট হবে ১৩ জানুয়ারি।
ঢাকা বিভাগের ৭০টি পৌরসভায় ভোট হবে ১৭ জানুয়ারি।
চট্টগ্রামের ৫৩টি এবং সিলেটের ১৬টি পৌরসভায় ভোট হবে ১৮ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২৩২০ ঘ.
bdnews24