ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনামূল্যের পাঠ্যবই ২৪ ডিসেম্বরের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ জানুয়ারি সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে।
শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এতে পাঠ্যপুস্তক ছাপানো ও সরবরাহ বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে শিক্ষামন্ত্রী এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, সরকার ১ জানুয়ারি ২০১১ দেশ জুড়ে 'পাঠ্যপুস্তক উৎসব দিবস' পালন করবে। এ দিন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল স্কুলে তিন কোটি ২২ লাখ ৩৬ হাজার ৩২১ জন শিক্ষার্থীর মাঝে ২৩ কোটি ২০ লাখ পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, "আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে জেলায়, ২১ ডিসেম্বরের মধ্যে উপজেলায় এবং ২৪ ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই পৌঁছানো হবে।
"১ জানুয়ারির আগেই ২৯/৩০ ডিসেম্বর পাঠ্যবই বিতরণী কার্যক্রম উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানানো হবে।"
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, "বই সরবরাহের জন্য কোনো স্কুল কর্তৃপক্ষ কোনো শিক্ষার্থীর কাছ থেকে এবং কোনো জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তা কোনো স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে একটি টাকাও দাবি করতে পারবে না। জেলা থেকে উপজেলা এবং উপজেলা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই সরবরাহের ব্যয় বাবদ তিন কোটি ১৮ লাখ টাকার চেক ইতোমধ্যেই জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। জেলা ও উপজেলায় বই সরবরাহের সার্বিক ব্যয় সরকার বহন করবে।"
তিনি জানান, এ বছর বই সরবরাহের ক্ষেত্রে ঢাকা মহানগরীকে ৬টি অঞ্চলে ভাগ করা হয়েছে। ঢাকা শিক্ষা অঞ্চলে বর্তমানে কোন উপপরিচালক না থাকায় ঢাকা মহানগরীসহ ঢাকা বিভাগের জেলাগুলোতে বই সরবরাহ ও বিতরণ ব্যবস্থা বিশেষভাবে পর্যবেক্ষণের জন্য এনসিটিবির বিশেষ দায়িত্বরত কর্মকর্তা অধ্যাপক রতন সিদ্দিকীকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে এনসিটিবি সকল বই ৩০ নভেম্বরের মধ্যে জেলা ও উপজেলায় পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছিলো। কিন্তু বিল পরিশোধ নিয়ে মুদ্রাকরদের ক্ষোভ, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাগজ সরবরাহে গাফিলতি এবং বই ছাপানোর দায়িত্ব কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের পাওয়া নিয়ে নানা জটিলতায় এ সময়ের মধ্যে বই সরবরাহ করা সম্ভব হয়নি।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী গত বৃহস্পতিবার মূদ্রাকরদের জন্য বই সরবরাহের সময় ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেন।
শনিবার সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা কামাল উদ্দিন, মাউশির মহাপরিচালক অধ্যাপক নোমানুর রশীদ, পাঠ্যপুস্তক সরবরাহে বিশেষ দায়িত্বে নিয়োজিত রতন সিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ৯টি অঞ্চলের ৯ জন উপপরিচালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/২১৩৯ ঘ.
bdnews24