ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বেশিরভাগ থানা ও আদালত ভবনে মামলার আলামত রাখার জায়গা আলামতের জিনিষে ভরে আছে।
এসব আলামতের বিপরীতে অনেক মামলাই নিস্পত্তি হয়ে গেছে। কিন্ত আলামতগুলো কী করা হবে সে ব্যাপারে সংশ্লিষ্ট মামলার রায়ে স্পষ্ট কোন বক্তব্য না থাকায় সেগুলোর ব্যাপারে পুলিশ কোন কিছু করতে পারছে না।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ এ কথা উল্লেখ করে বলেন, "এ কারণে বছরের পর বছর ধরে এসব আলামত পড়ে আছে থানায় বা নিু আদালত ভবনে আলামত রাখার কক্ষে।"
শনিবার রাজধানীর রাজারবাগে পুলিশ টেলিকম মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, "নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা অনেক। মামলা নিষ্পত্তির সঙ্গে সঙ্গে আলামতের ব্যাপারে সিদ্ধান্ত এলে এগুলোর স্তুপ জমতো না।"
অনুষ্ঠানে মহানগর পুলিশের যুগ্ম কমিশনার, উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার উপস্থিত ছিলেন।
বেনজির আহমেদ বলেন, "পুলিশি ও সাংবাদিকতা ভিন্ন ধরণের পেশা হলেও উভয়ের উদ্দেশ্য অভিন্ন। পুলিশ মাঠ পর্যায়ে থেকে অপরাধ দমনে যেমন তৎপর থাকে তেমনি সাংবাদিকরা লেখনীর মাধমে সে কাজটি করে থাকে।"
পুলিশ একটি বিশাল বাহিনী উল্লেখ করে কমিশনার বলেন, "কোন পুলিশ সদস্যের ব্যক্তিগত অপরাধের দায় গোটা পুলিশ বাহিনী নিতে পারে না। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা আশা করেন।"
তিনি জানান, কোনো পুলিশ সদস্য অপরাধ করলে অবশ্যই তার শাস্তি তাকে পেতে হবে।
আসন্ন বিজয় দিবস ও বড়দিনকে সামনে রেখে ঢাকা মহানগরে যে কোনো অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ কমিশনার বেনজির আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৭৩৭ ঘ.
bdnews24