ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের গেট থেকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা।
তবে তাকে গ্রেপ্তারের কারণ জানা যায়নি।
জামিনে মুক্তি পাওয়ার পরপরই তাকে আবার গেপ্তার করা হলো। এর প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।
শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের এডিসি মাসুদুর রহমান জানান, বিকালে কারাগারের গেট থেকে রফিকুল ইসলামকে আবারও গ্রেপ্তার করা হয়।
তার স্ত্রী মাহফুজা ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা দুটি 'মিথ্যা' মামলায় হাইকোর্ট তাকে জামিন দেওয়ার পরও শুক্রবার সকাল ১১ টায় তাকে আবারও গ্রেপ্তার করে পুলিশ। আদালতের রায় অমান্য করে তাকে 'অন্যায়ভাবে' গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
গত ২৪ নভেম্বর মহানগর জামায়াতের এই নেতাকে তার মিরপুরের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম জানান, হাইকোর্ট রফিকুল ইসলামকে জামিন দেওয়ার পরও সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা বিভাগের লোকজন তাকে জোর করে আত্মীয় স্বজনের কাছ থেকে তুলে নিয়ে গেছে। তিনি এখন কোথায় আছেন আমরা এখনও জানতে পারিনি।
ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহানগর আমির রফিকুল ইসলাম খানকে জেলগেট থেকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কোথায় আছেন আমরা কিছুই জানতে পারছি না। এ অন্যায় গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল (শনিবার) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এসএম/এইচএ/২২০০ ঘ.
bdnews24