ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই দলের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
উপজেলার বুড়ীশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে শুক্রবার বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে ২০ জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
নাসিরনগর থানার ওসি গোলাম ফারুক জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শ্রীঘর গ্রামের ফকিরবাড়ীর আলী মিয়ার সঙ্গে বাকবাড়ীর গাজী মিয়ার বিরোধ চলছিলো।
এর জেরে শুক্রবার বিকাল ৪টার দিকে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে।
ওসি জানান, খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আবারো যাতে সংঘর্ষের ঘটনা না ঘটে সেজন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০২ ঘ.
bdnews24