২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গৃহকর্মী খুন, আটক ২

নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহকর্মীকে খুন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 11:38 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

নাটোর, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহকর্মীকে খুন করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তাসহ দুজনকে আটক করা হয়েছে। উপজেলার জামনগর গ্রামে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে। বাগাতিপাড়া থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজশাহীর বাঘা উপজেলার তেপুকুরিয়ার গ্রামের শামসুল ইসলামের মেয়ে সালমা খাতুন (১৪) চার বছর ধরে জামনগরের নতুন পশ্চিমপাড়া গ্রামের এনামুল হকের বাড়িতে গৃহকর্মী হিসাবে কাজ করতো। বৃহস্পতিবার সালমাকে বাড়িতে রেখে এনামুলসহ তার পরিবারের সদস্যরা অন্যত্র দাওয়াত খেতে যায়। রাত ৮টায় এনামুলের বৃদ্ধ বাবা ইয়াকুব আলী বাড়িতে ফিরে দেখেন নিজের ঘরে সালমার লাশ পাটি দিয়ে ঢেকে রাখা। ঘটনাটি পুলিশকে জানালে রাতেই বাগাতিপাড়া থানার ওসি মির্জা আব্দুস সালাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পুলিশ একই সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রতিবেশী নজরুল ইসলামের ছেলে এমদাদুল ইসলাম ও এনামুল হককে আটক করেছে। শুক্রবার সকালে ওসি মির্জা আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে বাগাতিপাড়া থানায় নিয়ে আসা হয়েছে। সালমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে মনে হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩২ ঘ.