সাভার, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভাংচুর, লুটপাট ও কর্মকর্তাদের মারধরের অভিযোগে ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানার ১৮৬ শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ভোরে পুলিশ তিন শ্রমিককে গ্রেপ্তার করেছে।
বুধবার দিবাগত মধ্যরাতে নরসিংহপুর এলাকার মেডলার এ্যাপারেলস লিমিটেডের ব্যাবস্থাপক এনামুল হক আশুলিয়া থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার কৌশিক আহম্মেদ।
এতে ৩৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ শ্রমিককে আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃত তিন শ্রমিক হলেন- আয়রনম্যান মো. হাবিবুল্লাহ, অপারেটর রাজীব ও জুলহাস।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আশুলিয়া থানার ওসি আব্দুর রশিদ বলেন, মেডলার পোশাক কারখানায় মঙ্গলবার ও বুধবার শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, শ্রমিকরা কর্মকর্তাদের মারধর এবং তাদের মোবাইল ফোন সেটসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে।
ওসি আরো জানান, বৃহস্পতিবার সকালে কর্তৃপক্ষ কারখানাটি অনিদির্ষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ ঝুলিয়ে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৫১ ঘ.
bdnews24