সাভার, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের প্রেক্ষাপটে ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা আবারো একদিনের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অবস্থিত কারখানাটির নাম 'মেডলার এ্যাপারেলস লিমিটেড'।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবারের ঘটনা নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা বুধবার সকালে দুই কর্মকর্তাকে মারধরের পর কর্তৃপক্ষ একদিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।
আহত দুই কর্মকর্তা হচ্ছেন- কারখানার মহা-ব্যবস্থাপক মো. শহিদুল্লাহ ও ব্যবস্থাপক (মানবসম্পদ) বনি আমিন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে কারখানার আয়রনম্যান হাবিবুল্লাহর কাজ অন্য দিনের তুলনায় কম বলে অভিযোগ করেন পিএম নিতাই চন্দ্র পাল। এ নিয়ে দুইজনের মধ্যে বাগবিতণ্ডার পর সংর্ঘষ বেধে যায়। এতে অন্য শ্রমিক ও কর্মকর্তারাও যোগ দেয়। এ সংঘর্ষে শ্রমিক-কর্মকর্তাসহ ৫ জন আহত হয়। ঘটনার পর শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভের মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবারের ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় ঢুকে কর্তৃপক্ষের কাছে শ্রমিক মারধরের বিচার দাবি করে।
তিনি বলেন, "কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ওই দুই কর্মকর্তাকে মারধর করে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। এক পর্যায়ে সকাল ১০টার দিকে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা চলে যায়।"
কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান ওসি সিরাজুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২৪০ ঘ.
bdnews24