২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার না করার আহ্বান

হরতালকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি না করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 08:19 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি না করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। সাবেক মন্ত্রী আমীর খসরু সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবুল কাশেমের সাথে দেখা করে এ অনুরোধ জানান। এসময় মহানগর বিএনপি'র পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়। আমীর খসরু মাহমুদ স্মারকলিপি প্রদান শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হরতালকে সামনে রেখে চট্টগ্রামে বিএনপি দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। এটি অত্যন্ত দু:খজনক।" পুলিশী হয়রানি করে গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা যায় না উল্লেখ করে তিনি বলেন, "হরতালকে সামনে রেখে দলীয় মিছিল-সমাবেশে যাতে হয়রানি না হয় এজন্য আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছি।" পুলিশ কমিশনারও শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে খসরু জানান। মহানগর বিএনপি প্রদত্ত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চট্টগ্রামের মাঠ পর্যায়ের কিছু অতিউৎসাহী পুলিশ কর্মকর্তা উপরের নির্দেশ আছে উল্লেখ করে বিএনপি'র শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা এবং দলের নেতাকর্মীদের গ্রেপ্তারসহ নানাভাবে হয়রানি করছে। স্মারকলিপিতে রাজনৈতিক কর্মসূচি পালনে অবৈধ হস্তক্ষেপ বন্ধে পুলিশ কমিশনারের সহযোগিতা প্রত্যাশা করা হয়। স্মারকলিপি প্রদানকালে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ বেগম রোজী কবীর, মহানগর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি দস্তগীর চৌধুরী, সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৪১৬ ঘ.