ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৭৪ শতাংশ।
রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনের এ হার ১০৯ দশমিক ২৬ শতাংশ।
সোমবার এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, "প্রথম চার মাসে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ১৯ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ টাকা। আদায় হয়েছে ২১ হাজার ২৩৬ কোটি ১৮ লাখ টাকা। আমরা আশা করছি, অর্থবছর শেষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হবে।"
প্রথম চারমাসে রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে।
৭ হাজার ১৯৪ কোটি ৮৫ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ভ্যাট আদায় হয়েছে ৮ হাজার ১২৩ কোটি ৯১ লাখ টাকা। প্রবৃদ্ধির হার ৩১ দশমিক ৩৮ শতাংশ। এ খাতে লক্ষ্যমাত্রা অর্জনের হার ১১২ দশমিক ৯১ শতাংশ।
আয়কর আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২৯ দশমিক ১৯ শতাংশ।
আয়কর থেকে ৪ হাজার ৩১৯ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪ হাজার ৭৭০ কোটি ৬৪ লাখ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ১১০ দশমিক ৪৬ শতাংশ।
রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে আমদানি ও রপ্তানি খাত। এ খাতে প্রবৃদ্ধির হার ১৯ দশমিক ১২ শতাংশ।
আমদানি ও রপ্তানি খাত থেকে ৭ হাজার ৭৬৮ কোটি ৪১ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৮ হাজার ২০৫ কোটি ২৬ লাখ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ১০৫ দশমিক ৬২ শতাংশ।
অন্যান্য কর আদায় খাতে ৯ দশমিক ১৪ শতাংশ প্রবৃদ্ধি এবং ৮৭ দশমিক ৯৮ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
এনবিআর চেয়ারম্যান জানান, রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে আয়কর অর্ডিন্যান্স ও ভ্যাট আইনকে যুগোপযোগি করার কাজ শুরু হয়েছে।
আগামী জানুয়ারির মধ্যে এ আইন দুটি চুড়ান্ত করা হবে বলেও জানান নাসিরউদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/১২৫২ ঘ.
bdnews24