ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনানিবাসের বাড়ি ছাড়ার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি কেন্দ্র করে হুমকি দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষের শীর্ষ আইন কর্মকর্তাকে।
আপিল আবেদনের রায় খালেদার পক্ষে না গেলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ধারাবাহিক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে।
রোববার বিকেল সাড়ে ৪টায় ৯৭১৫০৭৬১ নম্বর থেকে এ হুমকি দেওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুম থেকে সহকারি পুলিশ কমিশনার শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার করা চারটি আলাদা আবেদনের শুনানি হবে সোমবার।
এগুলো হলো বাড়ি ছাড়া নিয়ে হাইকোর্টের রায় স্থগিত আবেদন, ওই রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি, ওই বাড়ি থেকে 'উচ্ছেদের মাধ্যমে' আদালত অবমাননার আবেদন এবং বাড়িটি আগের অবস্থায় ফেরত চেয়ে করা আবেদন।
ইংরেজিতে লেখা এসএমএসে বলা হয়, "আল্লাহু আকবর, আগামীকালের শুনানি সম্মানীত ম্যাডাম খালেদা জিয়ার পক্ষে না গেলে ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটানো হবে। শহরে আমাদের মুজাহিদিনরা তৈরি। সব প্রস্তুতি শেষ। আপনার শুভাকাক্সক্ষীদের সতর্ক করে দিন।"
রাত ১১টা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি।
হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে গত ১৪ নভেম্বর সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছাড়েন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আন্তঃবাহিনী জন সংযোগ পরিদপ্তর (আইএসপিআর) দাবি করেছে খালেদা স্বেচ্ছায় ওই বাড়ি ছাড়েন। তবে খালেদা এবং বিএনপি দাবি করেছে, তাকে জোর করে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সেনাননিবাসের বাড়ি ছাড়তে গত বছরেরর এপ্রিল মাসে প্রথম খালেদাকে নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর। এর আগে ওই বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রি পরিষদ।
সেনানিবাসের নোটিশের বিরুদ্ধে খালেদার করা রিট আবেদন গত ১২ অক্টোবর খারিজ করে হাইকোর্ট। একইসঙ্গে ৩০ দিনের মধ্যে ওই বাড়ি খালি করে দিতে বলা হয় হাইকোর্টের রায়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২৩২৯ ঘ.
bdnews24