বরিশাল, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালে সাংবাদিকদের লাঠিপেটা করেছে পুলিশ। এতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ সংবাদকর্মী আহত হয়েছেন।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর সাংবাদিক মাইনুল সড়কে প্রেসক্লাবের প্রবেশ পথে এ ঘটনা ঘটে।
ঘটনার পর শতাধিক সংবাদকর্মী বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করে। পরে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে কয়েকজন পুলিশ কর্মকর্তার প্রত্যাহার দাবি করেন তারা।
নগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আব্দুর রহিম লাঠিপেটার কথা অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংবাদিকদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়েছে।
বরিশাল প্রেসক্লাবের সদস্য কাজী মিরাজ জানান, বিএনপি'র মহানগর যুগ্ম আহবায়ক আহসান হাবিব কামালের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার অভিযোগ এনে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডাকে দলটি। বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিলো।
তবে নির্ধারিত সময়ের আগে কোতয়ালি মডেল থানা পুলিশ ও আমর্ড পুলিশ প্রেসক্লাবের প্রবেশপথসহ আশপাশের এলাকায় অবস্থান নেয়।
একটি মাইক্রোবাসে করে বিএনপি নেতা আহসান হাবিব কামাল, এবায়দুল হক চান, নজরুল ইসলাম রাজন ও শামীমা আকবর প্রেসক্লাবে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন বাশার, সদস্য নুরুল আলম ফরিদ ও তিনিসহ সংবাদকর্মীরা পুলিশের কাছে এর কারণ জানতে চায়।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কোতয়ালি মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেনের নির্দেশে পুলিশ ও দাঙ্গা পুলিশ এলোপাতাড়ি লাঠিপেটা শুরু করে।
মিরাজ জানান, পুলিশের লাঠিপেটায় তিনিসহ সাংবাদিক লিটন বাশার, জিয়া শাহীন, সাইফ আমিন, গিয়াসউদ্দিন সুমন, তুষার আরেফিন, মো. মোফাজ্জেল, রাইসুল ইসলাম অভি, ফারুক লিটু ও সাগর বৈদ্য আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এই ঘটনায় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে নগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আব্দুর রহিম, কোতয়ালি থানার ওসি জাহাঙ্গীর হোসেন ও সহকারী উপ-পরিদর্শক মহিউদ্দিন শেখের প্রত্যাহার দাবি করেন সাংবাদিক নেতারা।
সভায় বক্তব্য রাখেন- লিটন বাশার, মীর মনিরুজ্জামান ও আকতার ফারুক শাহীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.
bdnews24