২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন প্রতিমন্ত্রীসহ পাঁচজনকে হত্যার হুমকি দিয়ে চিঠি

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আইনজীবী আনিসুল হকসহ পাঁচ জনকে হত্যার হুমকি দিয়ে জঙ্গি সংগঠনের নামে পাঠানো একটি চিঠি এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 09:59 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আইনজীবী আনিসুল হকসহ পাঁচ জনকে হত্যার হুমকি দিয়ে জঙ্গি সংগঠনের নামে পাঠানো একটি চিঠি এসেছে। রোববার দুপুরে ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আসা এ চিঠিতে সাবেক ঢাকা জেলা জজ ও বঙ্গবন্ধু হত্যা মামলার রায়দানকারী বিচারক কাজী গোলাম রসুল ও সাবেক বিশেষ জজ বর্তমানে ন্যূনতম মজুরি বোর্ড ঢাকার চেয়ারম্যান অমর কুমার রায়কেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে হুমকিদাতা হিসেবে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা, পাকিস্তানভিত্তিক জইশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈয়বা, বাংলাদেশভিত্তিক নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি) ও জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের নাম লেখা রয়েছে। পুরান ঢাকার আদালতপাড়ায় ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় পাঠানো চিঠিতে প্রেরকের স্থানে লেখা আছে- নোয়াখালী জজ আদালতের আইনজীবী বোরহান। চিঠিতে বলা হয়েছে- কমান্ড-১- 'শ্যূট অ্যান্ড কিল্ড দেম এনিহোয়ার'। 'ফ্রম জঙ্গি সংগঠন আল কায়েদা, পাকিস্তানভিত্তিক জয়শে মোহাম্মদ, লস্কর ই তৈয়বা, বাংলাদেশভিত্তিক নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি) ও জামায়াতুল মুজাহেদীন অব বাংলাদেশ।' চিঠিটির খামের ওপর লেখা হয়েছে খুব জরুরি। এটি রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে। আইন প্রতিমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে গত ১৬ নভেম্বর টেলিফোন করা হয়। মাহবুবে আলম এবং আনিসুল হক গত বছর বঙ্গবন্ধু মামলার শুনানির সময় হুমকি পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এমআই/১৬০০ ঘ.