সিরাজগঞ্জ, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি পুষ্টি প্রকল্পের আটায় ভেজাল মেশানোর দায়ে চারজনের সাজা দিয়েছে ভ্রাম্যামাণ আদালত।
এ সময় ৩২৪ বস্তা ভেজাল আটা জব্দ করা হয়।
শনিবার দুপুরে জেলা শহরের মিরপুর এলাকার সবুজ ফ্লাওয়ার মিলে এ অভিযান চালানো হয়।
দণ্ডিতদের মধ্যে ইকো স্যোসাল ডেভলপমেন্ট অর্গনাইজেশন (ইডিএসও) নামের বেসরকারি সংস্থার সরবরাহকারী গোলাম রব্বানী শাহিন, সবুজ ফ্লাওয়ার মিলের ম্যনেজার ইব্রাহিম হোসেনকে এক মাসের করে জেল, মিল মালিক আব্দুল কাদেরকে এক লাখ ও ট্রাক চালক রহমত উল্লাহকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সিরাজগঞ্জ র্যাব-১২'র স্পেশাল কোম্পানি কমান্ডার এএসপি শহিদ উল্লাহ্ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইডিএসও'র নামে বরাদ্দ পুষ্টি আটায় ভুসি মেশানোর সময় র্যাব দুপুর ১টার দিকে সবুজ ফ্লাওয়ার মিলে অভিযান চালায়।
সন্ধ্যার পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিসট্রেট মো. এনামুল আহসান এই জেল-জরিমানার আদেশ দেন।
পরে দুইজনকে সদর থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
সরবরাহকারী গোলাম রব্বানী ভ্রাম্যমাণ আদালতের কাছে বলেন, ইডিএসডিও'র সহকারী সমন্বয়কারী আতিকুর রহমানের নির্দেশে মিলের অভ্যন্তরে ভেজাল মেশানো হচ্ছিল।
এ বিষয়ে আতিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভেজাল প্যাকেট তৈরির জন্য তিনি কাউকে কিছু বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৭ ঘ.
bdnews24