২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে কঠোর অবস্থান নেবে পুলিশ

বিএনপি'র ৩০ নভেম্বরের হরতালকে সামনে রেখে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক যুগ্ম কমিশনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 05:27 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র ৩০ নভেম্বরের হরতালকে সামনে রেখে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক যুগ্ম কমিশনার। হরতাল মোকাবেলায় শনিবার বিকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছেন রাজধানীর কয়েকটি থানার নামপ্রকাশে অনিচ্ছুক ওসি। বৈঠকে উপস্থিত কর্মকর্তাসহ সহকারি উপ-পরির্দশক পদমর্যাদার কর্মকর্তাদের রাজারবাগ পুলিশ লাইন মাঠে হরতাল মোকাবেলার প্রশিক্ষণ দেওয়া হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতাসহ সরকারের বিরুদ্ধে নানা ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ এনে আগামী ৩০ নভেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বর্তমান সরকারের আমলে এটি বিএনপি'র ডাকা তৃতীয় হরতাল। এর আগে গত ২৭ জুন ও ১৪ নভেম্বর হরতাল ডাকে বিএনপি। ৩০ নভেম্বরের হরতাল প্রসঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মীর শহিদুল ইসলাম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ শক্ত অবস্থান নিয়েছে। যারা হরতাল করতে চায় তারা করুক। কিন্তু হরতালের নামে কোনো নৈরাজ্য বরদাশত করা হবে না।" এবার পিকেটিং বা বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় ছয়টি নতুন আর্মার্ড যান ব্যবহার করা হবে বলে নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মহানগরীর এক থানার ওসি। তিনি জানান, এই যানের ভেতরে অবস্থান নেবে পুলিশ সদস্য এবং সেখান থেকে কাঁদানে গ্যাস ছোড়ার ব্যবস্থা রয়েছে। এ ব্যাপারে মীর শহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এগুলো নতুন ধরনের যান। এগুলোর ব্যবহার নানামুখি। চারদিক দিয়ে কাঁদানে গ্যাস ছোড়া যাবে। এছাড়া শটগানের গুলিও ছোড়া যাবে। খুব অল্প সংখ্যক হাতে চালিত যন্ত্র দিয়ে কাঁদানে গ্যাস ছোড়া হবে জানিয়ে নামপ্রকাশ না করার শর্তে পুলিশের এক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানান, শনিবার বৈঠক শেষে কোন অবস্থান থেকে কাঁদানে গ্যাস ছোড়া হবে, পরে করণীয় কী হবে রাজপথে বা অলিগলিতে থাকা পিকেটারদের কিভাবে দমন করতে হবে সে ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে। মহানগরীর আরেক থানার ওসি নামপ্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে রাজারবাগ পুলিশ টেলিকম অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হয়। হরতালের নামে জনগণের ভোগান্তি হয় এমন কোনো কাজ কঠোর হাতে দমন করার জন্য বৈঠকে নির্দেশ দেওয়া হয়। এছাড়া গাড়ি চলাচল বা দোকানপাট খোলা রাখার ব্যাপারে সংশ্লিষ্টদের সহায়তা করার জন্যও বলা হয়েছে। বৈঠকে এর আগের বেশ কয়েকটি হরতালের ভিডিও চিত্র দেখানো হয়। এসব ভিডিও চিত্রে হরতালকারিদের দমন করতে গিয়ে পুলিশ সদস্যদের দলছুট হয়ে যেতে দেখা গেছে। বৈঠকে পুলিশ সদস্যদের কোনোভাবে দলছুট না হওয়ার নির্দেশ দিয়ে বলা হয়, এ ক্ষেত্রে পুলিশ সদস্যদের ক্ষতি হওয়া সম্ভাবনা থাকে। যেকোনো পরিস্থিতি দলগতভাবে মোকাবেলা করার জন্য বৈঠকে বলা হয়। বৈঠকে কমিশনার ছাড়াও অতিরিক্ত কমিশনার থেকে শুরু করে উপ-পরির্দশত পদমর্যাদার কর্মকর্তারা ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২৩১৩ ঘ.