২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক আদায় করে গরু ফেরত দেওয়ার সিদ্ধান্ত

সাতক্ষীরা সীমান্তে আটক প্রায় তিন হাজার গরু শুল্ক আদায় করে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 04:47 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

সাতক্ষীরা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সীমান্তে আটক প্রায় তিন হাজার গরু শুল্ক আদায় করে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর আগে শনিবার দুপুরে গরুগুলো ফেরত চেয়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে গরু ব্যবসায়ীরা। ভারত থেকে সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্তে ইছামতি নদী পার করার পর বুধবার রাতে বাংলাদেশ রাইফেলস'র (বিডিআর) জওয়ানরা এসব গরু আটক করে। বৃহস্পতিবার রাতে এসব গরু সাতক্ষীরা শুল্ক গুদামে নেওয়া হয়। ব্যবসায়ীদের অভিযোগ, প্রচলিত আইন অনুযায়ী ছাড় করানোর জন্য শুল্ক স্টেশনে নিয়ে যাওয়ার পথে কোনো কারণ ছাড়াই গরুগুলো আটক করা হয়। তবে বিডিআর জানিয়েছে, গরুগুলো অবৈধভাবে বাংলাদেশে পাচার করার সময় আটক করা হয়েছে। এদিকে সাতক্ষীরা শুল্ক বিভাগের দায়িত্বে রাখা অন্তত ৭০টি গুরু মারা গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনের কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেন। বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি জেনারেল) মুখেশ চন্দ্র বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গরু প্রতি ৫০০ টাকা শুল্ক নিয়ে এসব গরু ছাড় করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তিনি জানান, রোববার সকালে ব্যবসায়ীদের শুল্ক বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে। ব্যবসায়ীরা বলেন, গরুগুলো দেবহাটার কুলিয়া শুল্ক করিডোরে নিয়ে যাচ্ছিল। প্রচলিত নিয়ম অনুযায়ী গরু প্রতি পাঁচশ টাকা ফি জমা দিয়ে তা দেশের বিভিন্ন স্থানে বেচাকেনার অনুমতির ব্যবস্থা করা হচ্ছিল। বিডিআরের সঙ্গে কথা বলেই এসব গরু সীমান্তে আনা হয়েছিল। পরে তারা তিন হাজারেরও বেশি গরু আটক করে। গরু ব্যবসায়ী শফিকুল ইসলাম, আব্দুল কাদের, আব্দুল আজিজ, সোহরাব হোসেন, পলাশ, আবু মুসা, খোকন, আনোয়ারুল ইসলাম ও সাহেব আলী সাংবাদিকদের জানান, ভারতীয় ব্যবসায়ীরা গরুগুলো নদী পার করে দিয়ে গেছে। বিডিআর ৪১ রাইফেল ব্যাটালিয়নের মেজর মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ভোরে ভারত থেকে চোরা পথে আসা গরুর একটি চালান আটক করা হয়। প্রাথমিক গণনায় দুই হাজার আটশ গরু পাওয়া যায়। কাস্টমস সুপার বেগম শামসুন্নাহার জানান, স্থান সংকটের কারণে গরুগুলো গুদামে রাখা কষ্টকর হয়ে পড়ে। এসব পশুর খাদ্য ও পানি যোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গুদামের খোলা মাঠে গরুগুলো গাদাগাদি করে রাখা হয়েছে। প্রয়োজনের তুলনায় খাবার ও পানি কম পাচ্ছে। তাই এগুলো অসুস্থ হয়ে পড়ছে। কয়েক দফায় অন্তত ৭০টি গরুর মরে গেলে বিডিআর সেগুলো সরিয়ে নেয়।" গরু ব্যবসায়ীদের দাবি করেন, ইছামতি নদী পার করার সময় শীতের তীব্রতা ও পানিতে ডুবে শতাধিক গরু মরে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২২২০ ঘ.