ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশালে আহসানিয়া মিশন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন এক যুবক আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
মৃতের নাম আলিম (৩৫)। তার ভাই আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মেডিক্যাল প্রতিনিধিকে জানান, ঢাকার কেরানীগঞ্জের ইমামবাড়ি এলাকায় তার বাড়ি। তাকে বৃহস্পতিবার নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়।
বংশাল থানার উপ-পরিদর্শক মো. আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলিম গোসলখানার সিলিংয়ে গামছা ঝুলিয়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, "গোসলখানা থেকে চিৎকার শুনে নিরাময় কেন্দ্র থেকে পুলিশে খবর দেয়। পুলিশ এলাকাবাসিকে সঙ্গে নিয়ে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হসিপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
এ ঘটনায় বংশাল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২১২৬ ঘ.
bdnews24