ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানবাহনের ফিটনেস পেতে নো-স্মোকিং লেখা স্টিকার রাখা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. মোজাম্মেল হক খান।
আইন অনুযায়ী পাবলিক পরিবহনগুলো ধূমপানমুক্ত হলেও বাস ও টেম্পু চালকদের যানবাহনে ধূমপানের অভিযোগ রয়েছে বলে জানান সচিব। তিনি বলেন, "চালক যেন যানবাহনে ধূমপান না করে সেজন্য প্রশিক্ষণের সময় চালকদের ধূমপানসহ তামাক ও মাদক সেবনের কুফল সম্পর্কে জানানোর ব্যবস্থা করা হয়েছে।"
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিলনায়তনে এক সেমিনারে এ কথা বলেন সচিব মোজাম্মেল হক।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, পরোক্ষ ধূমপানের কারণে পৃথিবীতে প্রতিবছর ছয় লাখ মানুষ মারা যাচ্ছে। এদের দেড় লাখেরও বেশি শিশু।
সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত জানান, পাবলিক প্লেস ও পরিবহনে পরোক্ষ ধূমপানে ৬০ শতাংশ নারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশে ধূমপায়ীর হার এক দশমিক নয় শতাংশ। তামাকের মধ্যে ১৯টি উপাদান রয়েছে যা ক্যান্সারের জীবাণু তৈরি করে।
শিশুদের ক্ষেত্রে পরোক্ষ ধূমপান কানে পচা রোগ, হাপানি, যক্ষার ঝুঁকি বাড়িয়ে দেয় বলে জানান উপাচর্য প্রাণ গোপাল। তিনি বলেন, "অধূমপায়ীদের মৃত্যুঝুঁকি থেকে রক্ষা করতে গণপরিবহনের মতো যানবাহনগুলো শতভাগ ধূমপানমুক্ত করা দরকার।"
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ সেমিনারে জানান, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পুলিশের ক্ষমতা সীমিত। আইনের কার্যকর বাস্তবায়নে পুলিশকে এই ক্ষমতার আওতায় আনা দরকার।
ইতিমধ্যে ডিএমপি সদর দপ্তরসহ দেশের সব থানাগুলোকে ধূমপানমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে "গণপরিবহন ধূমপানমুক্ত রাখার প্রয়োজনীয়তা ও করনীয়" শীর্ষক এ সেমিনার আয়োজন করে।
বিআরটিএ'র চেয়ারম্যান আইয়ুবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ তামাকবিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী হেলাল আহমেদ, আবু নাসের খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার মোস্তফা জামান এবং বিআরটিএ'র পরিচালক (বাস্তবায়ন) তপন কুমার নাথ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৮৫৭ ঘ.
bdnews24