ঢাকা.নভেম্বর ২৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে মোহম্মদপুর থানা পুলিশ।
ওই গৃহকর্মীর নাম মোমেনা বেগম (৫৫)। তিনি সাতক্ষীরার দেবহাটা এলাকা থেকে ঢাকায় এসে মোহম্মদপুরের হুমায়ুন রোডে একজন প্রকৌশলীর বাসায় গৃহকর্মীর কাজ নিয়েছিলেন বলে পুলিশ জানায়।
শনিবার সকাল ১০টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আফজাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোমেনা বেগম বাড়ি থেকে রাগ করে ঢাকায় এসে প্রকৌশলী অমিত আকশাদের বাসায় কাজ নেন। বৃহস্পতিবার মোমেনা বেগম অসুস্থ হয়ে টয়লেটে পড়ে যান বলে অমিত আকশাদ পুলিশকে জানিয়েছেন।
এসআই আফজাল জানান, প্রথমে তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় শুক্রবার দুপুরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে মোমেনা বেগম মারা যান।
পুলিশ আরো জানায়, মোমেনার ছেলে নবাব উদ্দিন তার মৃত্যুর ব্যাপারে কোনো অভিযোগ করেননি।
নবাব পুলিশকে জানিয়েছেন, তার মা অসুস্থ ছিলেন।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ওসি মইনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যাপারটি আমি খতিয়ে দেখছি। আসল ঘটনা কি?"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/কেএমএস/১৬০১ ঘ.
bdnews24