২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে গাড়ি ভাংচুর, শিক্ষার্থীদের চারদফা দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে শুক্রবার রাতে সাধারণ শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে চারদফা দাবি পেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 07:19 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে শুক্রবার রাতে সাধারণ শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে চারদফা দাবি পেশ করেছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও শামসুন্নাহর হলের মাঝের রাস্তায় প্রাইভেট কারের ধাক্কায় ছাত্র আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এসব দাবি জানায়। এর জের ধরে ওইদিন দুপুর থেকে বিকাল পর্যন্ত অন্তত ২০টি গাড়ি ভাংচুর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হল- বৃহস্পতিবারের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করতে হবে। ছাত্রদের উপর পুলিশের লাঠিপেটা করায় শাহবাগ থানার ওসি রেজাউলকে পদত্যাগ করতে হবে। ঢাবির ৮টি প্রবেশপথে চেকপোস্ট বসানো যাতে ঢাবির স্টিকার ছাড়া কোনো গাড়ি ক্যাম্পাসে ঢুকতে না পারে। গতকালের ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে প্রচারিত হওয়ায় শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে অভিযোগ করে করে ঢাবি কর্তৃপক্ষকে এ ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি পরিস্কার করারও দাবি জানানো হয়। রাত সাড়ে ১১টার দিকে জগন্নাথ হলের প্রভোস্ট অজয় কুমার দাশের বাংলো ঘেরাও করে শিক্ষার্থীরা। এরপর তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের বাসভবনে যান। ওই সময় প্রক্টর কে এম সাইফুল ইসলাসম খানও উপাচার্যের বাসভবনে ছিলেন। সেখানে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো উত্থাপন করলে প্রক্টর দাবি পূরণে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/ডিডি/এইচএ/০০৫০ ঘ.