নাটোর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যা মামলার তদন্তে অবহেলার অভিযোগ করেছেন তার স্ত্রী ও মামলার বাদি মহুয়া নূর কচি।
শুক্রবার বনপাড়া নিজ বাড়িতে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
গত ৮ অক্টোবর বড়াইগ্রামের বনপাড়া বাজারে সন্ত্রাসী হামলায় বনপাড়া পৌর বিএনপির সভাপতি এই উপজেলা চেয়ারম্যান নিহত হন।
এ ঘটনায় সানাউল্লাহ নূরের স্ত্রী মহুয়া নূর ২৭ জনের নামসহ ৪৭ জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি মামলা করেন। পরে রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে নাম উল্লেখ করে তিনি আরো ২৮ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগ দাখিল করেন।
আসামিদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- ছাত্রলীগকর্মী রাসেল হোসেন ওরফে রাপ্পু, আশরাফুল ইসলাম ওরফে মিঠু, লুৎফর রহমান ওরফে বাবু ও বাদশা।
সংবাদ সম্মেলনে মহুয়া নূরের অভিযোগ, হত্যার পঞ্চাশ দিন পরও পুলিশ মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা জাকির হোসেনসহ ৭১ জনকে এখনো গ্রেপ্তার করেনি।
প্রধান আসামিসহ সবাই এখন বনপাড়াতেই অবস্থান করছেন বলে তিনি দাবি করেন।
বিষয়টি পুলিশকে জানালে তারা শুধু বলেন- 'দেখছি'। কিন্তু তারা আসামি ধরছে না।
গ্রেপ্তারদের দায়সারা জিজ্ঞাসাবাদের অভিযেগ করে মহুয়া নূর বলেন, গত ৯ নভেম্বর ঢাকার ন্যাম ফ্ল্যাটের এক সাংসদের বাড়ি থেকে আটক তিন আসামিকে দীর্ঘ সময় পর হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ।
আদালত তিন দিনের হেফাজত মঞ্জুর করলেও তদন্তকারী তাদের সকালে কারাগার থেকে ডিবি অফিসে নিয়ে কিছু সময় পর আবার কারাগারে পাঠিয়ে দেন।
তিনি তদন্তকারী কর্মকর্তার 'উদাসীনতা' নজীরবিহীন বলে অভিযোগ করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের কোনো জবানবন্দি পুলিশ নেয়নি বলেও তিনি অভিযোগ করেন।
এদিকে অজ্ঞাত স্থান থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যথানিয়মে মামলার তদন্ত এগুচ্ছে। স্পর্শকাতর হত্যা মামলা তড়িঘড়ি করে তদন্ত করা ঠিক হবে না ভেবেই স্বাভাবিক গতিতে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
গত ৮ অক্টোবর বিএনপির মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সশস্ত্র হামলায় সানাউল্লাহ নূর বাবু (৩৮) নিহত হন বলে বিএনপি অভিযোগ করে আসছে। ওই হামলায় বিএনপির অন্তত ৪০ নেতাকর্মী আহত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২১ ঘ.
bdnews24