ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে সোনার পদক জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা।
এছাড়াও ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনও ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
চীনের গুয়াং জুতে শুক্রবার এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে আফগানিস্তানকে ৫ উইকেটে হারায় মোহাম্মদ আশরাফুলের দল। এটাই এশিয়াডে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক। এবারের এশিয়াডে নারীদের ক্রিকেটেও বাংলাদেশ রুপা জিতেছে।
রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান এক বার্তায় এশিয়ান গেমসে অংশ নেওয়া বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানান।
প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে আরো সাফল্য অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিদেশ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী আশা করেছেন জয়ের এ ধারা অব্যাহত থাকবে।
খেলাধুলার উন্নয়নে সরকার সহযোগিতা করে যাবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক বিবৃতিতে বলেন, "দেশের জনগণ ক্রিকেট দলের এই ঐতিহাসিক অর্জনে উদ্বেলিত হয়ে উঠেছে। আমিও তাদের আনন্দে নিজেকে সামিল করছি।"
এশিয়াডে সোনাজয়ী বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া সচিব মাহবুব আহমেদ অনুরূপ, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/এসআই/২০০৯ ঘ.
bdnews24