বাগেরহাট, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
শুক্রবার ভোরে কলাতলা ইউনিয়নের চর চিংগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
আহতদের চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্স, টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে আছেন- শাহিন শেখ (২৫), ফিরু শেখ (৩৫), মুনসুর শেখ (৭০), আলী মোহাম্মদ (৩৫), ইউনুস শেখ (৪৫), ঠাণ্ডা শেখ (৪০), সোহেল (১৮), মফিজুর (১৮), কামাল (৩০), শাহাদাৎ (২০), সাইফুল্লাহ (৪৫), মোক্তার শেখ (৫০), মিজান মোল্লা (১২), হেকমত (৬০) জুয়েল (১১), শাহিন (২৮) ও শফিক (২২)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে চর চিংগুড়ি বাজারে একটি চায়ের দোকানে ভিসিডিতে ছবি দেখার সময় একই গ্রামের সিদ্দিক শেখের ছেলে নাজমুল শেখের সঙ্গে লোকমান শেখের ছেলে শাহীনের কথা কাটাকাটি হয়।
এর জের ধরে শুক্রবার ভোরে নাজমুলের সমর্থকরা লাঠিসোটা নিয়ে শাহীনের বাড়িতে হামলা চালায়। তারা শাহীনের ঘরে আগুন দেয়।
ওই সময় ঘরে ছিলো শাহীনের তার ছয়দিন বয়সী শিশু সন্তান ও তার স্ত্রী চম্পা বেগম।
পরে চিতলমারী থানা ও বড়বাড়িয়া ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শাহীনের স্ত্রী চম্পা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, হামলাকারীরা ঘরে আগুন দেওয়ার পর শিশু সন্তানসহ তাকে ঘরের বাইরে আসতে বাধা দেয়। তাদের ঘরের মধ্যে পুড়িয়ে মারার চেষ্টা করে।
কলাতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বাদশা মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহীন প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজেই ঘরে আগুন দিয়েছে। স্থাানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) শিকদার রকিব উদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এই ঘটনায় কেউ থানায় মামলা করতে আসেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৫৯ ঘ.
bdnews24