২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটা

বিএনপির হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটায় আহত হয়েছে অন্তত ২০ জন। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 09:12 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটায় আহত হয়েছে অন্তত ২০ জন। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ছাত্রদলের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠি চালায়। অন্যদিকে পুলিশ বলছে, সড়কে মিছিল করে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করায় পুলিশ মিছিল ছত্রভঙ্গ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের ২ নম্বর রেল গেটে এবং দুপুর ১২টায় চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ছাত্রদল নেতা-কর্মীদের দু দফা লাঠিপেটা করে পুলিশ। আগামী ৩০ নভেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। হরতালের সমর্থনে জেলায় জেলায় তাদের মিছিল সমাবেশের কর্মসূচিও রয়েছে। বিএনপি সমর্থক ছাত্রদল হরতালের সমর্থনে মিছিল বের করতে সকাল ১১টায় শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয়। তবে সেখানে পুলিশের বাধায় তারা মিছিল করা যায়নি বলে ছাত্রদল নেতাদের অভিযোগ। সকাল সাড়ে ১১টায় ২ নম্বর গেটে জেলা ছাত্রদলের সহসভাপতি শাহআলম মুকুল, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে একটি মিছিল বের হয়। পুলিশ ওই মিছিল থেকে ব্যানার ছিনিয়ে নেয় এবং আড়াইহাজার উপজেলার সফর আলী ভূইয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) ছাত্রদল নেতা মঞ্জুর হোসেন ও ছাত্রদলকর্মী সেলিমকে আটক করে বলে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল সাংবাদিকদের জানিয়েছেন। এরপর দুপুর ১২টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা পুনরায় জেলা শহরের পুরাতন কোর্ট এলাকায় জড়ো হয়। সেখান থেকে তারা মিছিল নিয়ে চাষাঢ়ায় প্রেসক্লাবের সামনে গেলে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে। ওই সময় পুলিশের লাঠিপেটায় অন্তত ২০ জন আহত হয়। এর মধ্যে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল আহমেদ, ছাত্রদলকর্মী শাহআলম, আমির হোসেনকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদল নেতা মনিরুল সাংবাদিকদের বলেন, "শান্তিপূর্ণ মিছিলে বেপরোয়া লাঠিচার্জ করেছে পুলিশ। পথচারীদের ওপরও লাঠি চালিয়েছে। পুলিশ আমাদের ব্যানারও কেড়ে নিয়েছে।" এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন সাংবাদিকদের বলেন, "মিছিল করে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিলো। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্যই পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১০ ঘ.