২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাকে ডাকাতি: বিস্ফোরক মামলায় দুজনের কারাদণ্ড

গোপালগঞ্জের কোটালিপাড়া ব্র্যাক কার্যালয়ে ডাকাতির ঘটনায় বিস্ফোরক উদ্ধারের মামলায় দুজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 07:15 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালিপাড়া ব্র্যাক কার্যালয়ে ডাকাতির ঘটনায় বিস্ফোরক উদ্ধারের মামলায় দুজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত। ২০০৫ সালের ১৭ জানুয়ারি কোটালিপাড়ায় ওই ডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। রায়ে অপর ৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলো মো. তরিকুল ইসলাম ও মাসুম মিয়া। মামলার কাগজপত্রে আসামিদের পরিচয় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর সদস্য হিসাবে উল্লেখ করা না হলেও এ আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান যে, এদের মধ্যে অধিকাংশই জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে যুক্ত। এ বক্তব্যের বিরোধিতা করে দণ্ডিত ও খালাসপ্রাপ্তদের আইনজীবী তাজুল ইসলাম তাজ বলেন, তারা সকলেই মাদ্রাসার ছাত্র হলেও কোন জঙ্গি দলের সদস্য নন। মামলাটিতে রাষ্ট্রপক্ষে ২১ জনের মধ্যে গোপালগঞ্জের আদালত ও ঢাকার এই আদালতে ১৮ জনের সাক্ষ্য গ্রহন করা হয়। মামলার নথিপত্রে দেখা যায়, মামলার সব আসামি জামিনে রয়েছে। ২০০৫ সালের ১৭ জানুয়ারি রাত সোয়া ১০টায় বাদি পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান খবর পান যে, কোটালিপাড়া পৌরসভা এলাকায় ব্র্যাক কার্যালয়ে ১৫/২০ জন ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, ৬টি মোটরসাইকেল, বাইসাইকেল ও অন্যান্য মালামাল লুট করে পালিয়ে গেছে। এ খবর পাওয়ার পরপরই বাদির নেতৃত্বে পুলিশের একটি দল কোটালিপাড়া-বাঁশবাড়িয়া সড়কে গাছ ফেলে ডাকাতদলকে আটকে দেয়। আসামি মো. তরিকুল ইসলাম এবং মো. মাসুম মিয়াকে মোটর সাইকেলসহ গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পিস্তল, বেয়নেট, ককটেল, চাপাতি উদ্ধার করা হয়। কিছুক্ষণের মধ্যেই টুঙ্গিপাড়া থেকে জনগনের সহায়তায় অন্যদেরকেও গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের হয়। মামলার আসামি করা হয় চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভোলামারী গ্রামের মো. তরিকুল ইসলাম (২০), একই জেলার একই উপজেলার শিবনগর জায়গীর গ্রামের আব্দুন নূর সাইদী (২০), নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজীকান্দা গ্রামের মো. মাসুম মিয়া (২৬), খুলনার দাকোপ উপজেলার সুতারমারি গ্রামের শওগাত সর্দার (২৩), বাগেরহাটের মোল্লারহাট থানার বুড়িগাংনী গ্রামের আবদুল্লাহ (২৫), একই জেলার চিতলমারী থানার আড়োয়াবান গ্রামের ইসারাত আলী (২৪), সাতক্ষীরা জেলার সদর থানার সেলিমউদ্দিন। বিশেষ কৌঁসুলি রফিকুল জানান, এই আসামিদের বিরুদ্ধে একই থানায় দায়ের করা ডাকাতি মামলা গোপালগঞ্জের আদালতে বিচারাধীন রয়েছে। এই আসামিদের বিরুদ্ধে অস্ত্র মামলা বিচারাধীন রয়েছে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রইব্যুনালে। তিনি বলেন, "বিস্ফোরক মামলাটি দ্রুত বিচারের লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে এ আদালতে আসে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৩১২ ঘ.