জামালপুর, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর সদর উপজেলায় ছয় বছরের ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগে তার মাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উপজেলার ঘোড়াধাপ শান্তিনগর গ্রামে বুধবার সন্ধ্যায় জুলহাস উদ্দিনের স্ত্রী সুমারী খাতুন (৩৫) ঘরের ভেতর তার ছেলে শুভকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।
সদর থানাধীন নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ সুমারী খাতুনকে গ্রেপ্তার এবং নিহত শিশুর লাশ উদ্ধার করে।
তিনি জানান, ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে লাশটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি হত্যামামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯৫৪ ঘ.
bdnews24