ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাক্ষী না আসায় বুধবার জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি।
বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বোরহান উদ্দিন আগামী ২৬ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের নতুন নির্ধারণ করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৮ অক্টোবর সাবেক সেনাবাহিনী প্রধান আবু সালেহ মো. নাসিম এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী হাকিম আবুল হাসেম আদালতে এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।
ওইদিন আদালতে জবানবন্দির পর মামলার অভিযুক্ত সাবেক রাষ্ট্রপতি ও সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদসহ অন্য অভিযুক্তদের জেরা করেন আইনজীবীরা।
নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার বিচার চলছে।
মামলার আসামিরা হলেন- মেজর (অব.) কাজী এমদাদুল হক, লে. কর্নেল (অব.) মোস্তাফা কামাল উদ্দিন ভূইয়া, লে. কর্নেল (অব.) সামস, মেজর জেনারেল (অব.) আবদুল লতিফ ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। আসামিরা সবাই জামিনে আছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, এ মামলায় রাষ্ট্রপক্ষে ৪৯ জনের মধ্যে ২৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
১৯৮১ সালের ১ জুন জেনারেল মঞ্জুরকে মেজর কাজী এমদাদুল হক পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যায় এবং সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়। এ অভিযোগে ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্র"য়ারি চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মঞ্জুরের ভাই ব্যরিস্টার আবুল মনসুর আহমেদ এ মামলা করেন। ওই বছরের ১৫ জুলাই তৎকালীন সহকারী পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ আদালতে চার্জশিট দাখিল করার পর বিচার কাজ শুরু হয়।
বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত তিন জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/পিডি/২১৫২ ঘ.
bdnews24