বগুড়া, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত।
এছাড়া প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে সশ্রম কারাভোগ করতে হবে।
বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- নূর আলম সিদ্দিকী, খয়বর আলী খন্দকার ওরফে ডিলার, লিটন আলী খন্দকার, মাহবুবর রহমান, খন্দকার জগলুল হুদা ওরফে কাজল, মোহাম্মদ মিঠু ও সৈকত হোসেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর আশেকুর রহমান সুজন বলেন, ২০০৭ সালের ১৫ জুলাই রাতে শিবগঞ্জ উপজেলার কালকিন গ্রামের বাসিন্দা স্থানীয় কিচক বাজারের সার-কীটনাশক ব্যবসায়ী সরাফত আলী (৪০) ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় নিখোঁজ হন।
পরদিন স্থানীয় ভাকুন্দাহার মাঠে তার লাশ পাওয়া যায়। ওই ঘটনায় নিহতের ভাই হযরত আলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৩ ঘ.
bdnews24