ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম)- বাংলাদেশকে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু নির্মাণে প্রতিশ্র"ত তহবিল দ্রুত ছাড়ের আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক বাঘ সংরক্ষণ সম্মেলন চলাকালে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট রবার্ট বি জোয়েলিক মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অতিথি ভবনে সৌজন্য সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রীর অনুরোধের প্রেক্ষাপটে জোয়েলিক এ আশ্বাস দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, সাক্ষাতকালে তারা বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় কাজ শিগগির শুরু করার ওপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা বলেছেন, অচিরেই বিশ্বব্যাংক প্রতিশ্র"ত তহবিল ছাড় করা না হলে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ঘটবে।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে বাংলাদেশের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট কর্মসূচিগুলো বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহায়তা কামনা করেন।
জোয়েলিক বৈঠককালে শেখ হাসিনাকে বলেন, "ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকল্প প্রশংসনীয়, ভবিষ্যতে তা ডিজিটাল দেশ গড়তে সহায়ক হবে।"
বিশ্বব্যাংক প্রধান আরো আশ্বাস দেন যে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের কর্মসূচি বাস্তবায়নে ক্যাপিটাল ড্রেজিং ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ সর্বাত্মক সহযোগিতা দেবে বিশ্বব্যাংক।
তিনি আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সামনে এগিয়ে যাবে।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম সাইফুল হক এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/এইচএ/২১৪০ ঘ.
bdnews24