নরসিংদী, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের নয়ঘণ্টা পর নরসিংদীর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দু'জনকে গ্রেপ্তার করা হয়। (আরো তথ্যসহ)
মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা শহরের সাটিরপাড়াস্থ নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফটক থেকে তাকে অপহরণ করা হয়।
রাত ১০টায় রায়পুরা উপজেলা সদর থেকে তাকে উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার দু'জন হলেন- শোয়েব (২৫) ও শাকিল (২২)। তাদের নরসিংদী সদর মডেল থানায় রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি সাংবাদিকদের বলেন, "বিদ্যালয়ে ঢোকার পথে চার জন মুখোশধারী লোক ওই ছাত্রীকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ছাত্রীর বান্ধবীরা চিৎকার করলে অনেকে এগিয়ে আসে। তবে অপহরণকারীদের ধরা যায়নি।"
অপহৃত ছাত্রী শহরের ভাগদী মহল্লার বাসিন্দা। সে এবারের এসএসসি পরীক্ষার্থী।
অপহরণের এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আরেক ছাত্রীর অভিভাবক আবু সিদ্দিক বলেন, "প্রকাশ্যে দিবালোকে এ ঘটনায় আমরা উদ্বিগ্ন ও আতঙ্কিত। এ অবস্থা চলতে থাকলে মেয়েদের বিদ্যালয় পাঠানো সম্ভব হবে না।"
অপহৃতের বোন বাদি হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি অপহরণের মামলা দায়ের করেছেন।
নরসিংদী সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, গোপন সংবাদ পেয়ে রায়পুরা উপজেলা সদর থেকে মেয়েটিকে উদ্ধার এবং দু'জনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনার পর শহর ও আশপাশের এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/ডিডি/২২৩২ ঘ.
bdnews24