ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ২৫ লাখ শিশুর অংশগ্রহণে মঙ্গলবার শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।
এবার পরীক্ষায় প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২৪ লাখ ৮৮ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
পরীক্ষা শেষ হবে ২৯ নভেম্বর। প্রতিদিন সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত একটি করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৬ নভেম্বর সরকারি ছুটি থাকায় ওই দিন পরীক্ষা হবে না।
এবার পরীক্ষা নেওয়া হবে মোট ৬ হাজার পরীক্ষা কেন্দ্রে। এর মধ্যে বাংলাদেশের বাইরে ৭টি কেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলো হলো- রিয়াদ, জেদ্দা, আবুধাবী, কাতার, ত্রিপলী, সিঙ্গাপুর ও বার্লিন।
প্রাথমিক সমাপনী পরীক্ষা গত বছর থেকে শুরু হয়েছে। গতবার শুধু প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হলেও এবার একইসঙ্গে এবতেদায়ি পরীক্ষাও হচ্ছে।
পরীক্ষার সংক্রান্ত তথ্যের জন্য মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও উপজেলা/থানা শিক্ষা কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ০২-৭১৬০২৯২ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ০২-৮০১৮১২৩ ও ০২-৯০১২৯২০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/কেএমএস/ ১০৩৬ ঘ.
bdnews24