রংপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে বিএনপি আমলের এক প্রতিমন্ত্রীর মালিকানাধীন ইকোপার্ক নিয়ে কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সংঘর্ষে আনসারের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধসহ শতাধিক আহত হয়েছে।
সোমবার রংপুরের মিঠাপুকুর উপজেলায় খিয়ারপাড়া গ্রামে 'রাবেয়া এন্ড রাইদা ইকোপার্ক' মালিক পক্ষের লোকজনের সঙ্গে এলাকাবাসীর দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
এ সময় এলাকাবাসীর উপর ইকোপার্কে দায়িত্বরত আনসার সদস্যদের গুলিতে পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে দু'জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফর রহমান আজাদ ও শিল্পপতি সালাহ উদ্দিন খিয়ারপাড়া গ্রামে প্রায় দেড়শ' বিঘা সরকারি জমিতে ইকোপার্ক নির্মাণ করেন।
এলাকাবাসীর দাবি, চতরার বিল নামে পরিচিত এই খাস জমির কয়েক বিঘা মাত্র তারা (ইকোপার্ক কর্তৃপক্ষ) ইজারা নিয়ে বাকিটা দখল করেছে।
এখানে পুকুর খনন করে মাছ চাষ এবং চারপাশে গাছপালা লাগানোয় আশপাশের কয়েকটি গ্রামে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়।
ফলে এলাকাবাসীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছিল।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ আরো জানায়, সকালে এলাকাবাসী জলবদ্ধতা নিরসনের জন্য ইকোপার্কে নির্মিত বাঁধ কাটতে গেলে ইকোপার্কের লোকজনের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
গুলিবিদ্ধ অবস্থায় খিয়ারপাড়া গ্রামের নাজিবুল হক (২৫) ও আতাউর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের গলা ও বুকে গুলি লেগেছে।
বাকি তিনজন হলেন- আজাহার আলনী, নাছিম উদ্দিন ও সাহেব আলী। তাদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
এ ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় দুই নেতা দু'পক্ষে অবস্থান নিয়েছেন।
ইকোপার্ক মালিকপক্ষে থাকা পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোকররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানে একটি প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। এতে অনেক মানুষের কর্মসংস্থান হবে তাই তাদের পক্ষ নিয়েছি।"
তিনি অভিযোগ করেন, মিঠাপুকুর উপজেলার এক নেতার চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যেতে বসেছে।
তিনি বলেন, আনসারদের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করলে তারা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে।
এদিকে এলাকাবাসীর পক্ষের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন বলেন, জোট সরকার ক্ষমতায় থাকাকালে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে সেখানে ইকোপার্ক নির্মাণের নামে পুকুর খনন ও গাছপালা রোপন করায় আশপাশের এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এর প্রতিবাদ করতে গেলে তাদের উপর গুলিবর্ষণ করে আনসার সদস্যরা।
মিঠাপুকুর থানার ওসি আলতাফ হোসেন বলেন, আনসারদের গুলিতে পাঁচজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রংপুর জেলা প্রশাসক বিএম এনামুল হক বলেন, আনসার সদস্যরা ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া কেন গুলি করল তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারিনটেনডেন্ট ঘটনাস্থল দেখে এসেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২৩৪৬ ঘ.
bdnews24