হবিগঞ্জ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে।
আহত হয়েছে অন্তত ৮০ জন।
ঈদের দিন রাতের বিরোধের জেরে সোমবার সকালে রাহেলা গ্রামে এই সংঘর্ষ হয়।
নিহত লাল মিয়া (৪০) রাহেলা গ্রামের বাতেন মিয়ার ছেলে।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসী জানায়, ঈদের দিন রাতে মদ খেয়ে ওই গ্রামের পরশ আলী, শাহনূর, ফোরকান ও দয়ালসহ ৪-৫ যুবক গ্রামের রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটে।
সে সময় ওই গ্রামের জুলকাশ, মোখলেছ, সোহেল ও কবির তাদের বাধা দেয়।
সোমবার সকাল ৯টার দিকে কবির তার জমিতে পাওয়ার টিলার নিয়ে যাওয়ার সময় পরশ আলী ও তার লোকজন তাকে বাধা দেয়।
এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে উভয়পক্ষ টেটা, বল্লম ও ফিকলসহ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের মধ্যে লাল মিয়া দুপুর দেড়টার দিকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
আহতদের মধ্যে আরো আছেন- জাহিদ, কাদির, শিশু, জাহির, খায়রুল, সোহরাব, জাহেদ, ইয়াকুব, কাজল, কামাল, জাবির, ইলকাস, বাবুল, আবেদ, তোতা, নিয়ামত, সোহেল, মুখলেছ, সাদ্দাম, ছোরাব, আক্তার, বাদল, জহির, রুবেল, শাহজাহান, কাদির, তায়েজা, নার্গিস, বাছির, মহসিন, রুজিনা, সালাউদ্দিন, বাদল, বুদ্ধি, জিয়া, নবীর, রফিকুল, সুজন, মিস্টার, জামিল, নুর, ডালিম, সোহাগ, সংগ্রাম ও মনর।
এদের মধ্যে সাতজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৩৮ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন- শের আলী (৬০) ও রবি হোসেন (৪০)।
তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৪৬ ঘ.
bdnews24