২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ভবনে শওকতের প্রতি শ্রদ্ধা

বীরোত্তম খতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সেক্টর কমাণ্ডার মীর শওকত আলীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 06:42 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বীরোত্তম খতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সেক্টর কমাণ্ডার মীর শওকত আলীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সোমবার দুপুর ১২টার দিকে শওকত আলীর কফিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়। এখানে মীর শওকতের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, বিরোধী দলীয় চিফ হুইপ, সাংসদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য গুনগ্রাহী তার নামাজে জানাজায় শরিক হন। নামাজে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমকে গার্ড অব অনার দেওয়া হয়। রাষ্ট্রপতির পক্ষে, প্রধানমন্ত্রীর পক্ষে ও বিরোধী দলীয় নেতার পক্ষে তার কফিনে ফুল দেওয়া হয়। স্পিকারের পক্ষে ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ মো. আব্দুস শহীদ, আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বিভিন্ন সংগঠনের নেতারা তার কফিনে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে তার কফিন নিয়ে যাওয়া হয় ঢাকা সেনানিবাসে। বাদ জোহর সর্বশেষ জানাজা হবে সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে। এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১১ টার দিকে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ দলীয় নেতা-কর্মীরা তার নামাজে জানাজায় শরিক হন। কেন্দ্রীয় কার্যালয়ে তার কফিন দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। এখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মীর শওকতের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১০টায় তার শৈশবের ঠিকানা পুরান ঢাকার লালবাগের শাহী মসজিদে। এখানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ তার নামাজে জানাজায় শরিক হন। নামাজে জানাজা শেষে মরদেহ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। মীর শওকতের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার স্ত্রী তাহমিনা শওকত। সোমবার সকালে তাহমিনা শওকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সামরিক কবরস্থানে দাফন করা হবে। তিনি ছিলেন একজন পেশাজীবী সৈনিক। দেশমাতার জন্য অকুতোভয়ে যুদ্ধ করেছেন। সেজন্যই হয়ত বাংলাদেশ সেনাবাহিনীর এই বীর সৈনিক এরকম ইচ্ছা প্রকাশ করে গেছেন।" মীর শওকতের তিন মেয়েসহ (বড় মেয়ে সিনথিয়া, মেজ মেয়ে সোনিয়া ও ছোট মেয়ে তানিয়া) রোববার বিকালে তাহমিনা শওকত লন্ডন থেকে ঢাকায় আসেন। শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মীর শওকত (৭২) মারা যান। তার মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচএ) হিমঘরে রাখা ছিলো। সোমবার সকাল ৯টায় তার কফিন সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে গুলশানের মরহুমের বাসা 'মার্শাল হাউজ' এ আনা হয়। সেখানে পরিবারের সদস্যরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। মীর শওকতের একমাত্র ছেলে মার্শাল শওকত বছর খানেক আগে লন্ডনে মারা যান। মীর শওকত আলীর জন্ম ১৯৩৮ সালে। মুক্তিযুদ্ধে তিনি ৫ নং সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য তিনি বীরোত্তম খেতাব লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর পূণর্গঠনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি পার্বত্য চট্টগ্রামে ইনফেন্ট্রি ব্রিগেড গঠন করে এর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে চীফ অফ জেনারেল স্টাফ, ইনফেন্ট্রি ডিভিশন ও নবম পদাতিক ডিভিশনের প্রতিষ্ঠাতা জেনারেল স্টাফ অফিসার, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রিন্সিপাল স্টাফ অফিসার পদে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালে তিনি লে. জেনারেল হিসেবে অবসর নেন। অবসরের পর তাকে বিদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি জার্মানি, ব্রিটেন, মিশর, অস্ট্রিয়া, পর্তুগাল ও সুদানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেওয়ার মধ্য দিয়ে মীর শওকত রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি বিএনপির সহসভাপতি ছাড়াও ১৯৮৮ সালে মহানগর বিএনপির সভাপতি ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১২৪০ ঘ.