নারায়ণগঞ্জ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় চোখ উপড়ানো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পারভেজ (২৫) সদর উপজেলার ফতুল্লার পাগলা ফরিদাবাগ এলাকার প্রয়াত রোকনউদ্দিনের ছেলে। তিনি দাখিল পাস করার পর মোবাইল ফোন ও কম্পিউটার সার্ভিসিংয়ের কাজ করতেন।
পুলিশ জানিয়েছে, সোমবার সকালে পাগলার নিশ্চিন্তপুর এলাকার কংস নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হেদায়েতুল ইসলাম জানান, পারভেজের ডান চোখ উপড়ে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ নদীতে ফেলে যায়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১২৮ ঘ.
bdnews24