২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জের ডিসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

ভাতা বঞ্চিত করার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, দুই অতিরিক্ত জেলা প্রশাসক ও ইউএনওসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন তিন মুক্তিযোদ্ধা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 06:37 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাতা বঞ্চিত করার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, দুই অতিরিক্ত জেলা প্রশাসক ও ইউএনওসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন তিন মুক্তিযোদ্ধা। গত ১৪ নভেম্বর জেলার সিনিয়র সহকারী জজ সামসুন্নাহার সুমীর আদালতে মামলাটি দায়ের করেন বন্দর উপজেলার উত্তর লক্ষ্মণখোলা এলাকার গোলাম মোস্তফা, আলী আজম সাউদ এবং বন্দর ধামগড় ঢাকেশ্বরী মিলস এলাকার আবদুর রব। রোববার শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে আগামী বছরের ১৫ জানুয়ারি বিবাদীদের আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য সমন জারি করেন আদালত। মামলার বিবাদীরা হলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজ সেবা কর্মকর্তা, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, বন্দর উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, বন্দর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাহাবুদ্দিন খান এবং বন্দর মুক্তিযোদ্ধা সংসদের অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান কমিটির দুই সদস্য কাজী নাছির উদ্দিন ও আজিজুল ইসলাম আজিম। মামলার নথি থেকে জানা যায়, মুক্তিযুদ্ধের পর থেকে তাদের কোনো সরকারি ভাতা দেওয়া হয়নি। সরকারের নীতিমালা অনুযায়ী তারা ভাতা পাওয়ার যোগ্য। ভাতা না পাওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে, অনাহারে মানবেতর জীবনযাপন করছেন। এ বছরের ২৫ ফেব্র"য়ারি তিন মুক্তিযোদ্ধা ভাতা চেয়ে বিবাদীদের কাছে আবেদন জানালে কোনো ভাতা দেওয়া হবে না বলে জানিয়ে দেন বলে মামলায় বলা হয়। মামলায় আরো অভিযোগ করা হয়, ভাতা পাওয়ার জন্য মুক্তিযুদ্ধের কমপক্ষে দু'টি তালিকায় নাম ও বার্ষিক আয় ১২ হাজার টাকার নিচে থাকার নীতিমালা রয়েছে। এ দু'টি নীতিমালার আওতায় তিন মুক্তিযোদ্ধা থাকলেও তাদের ভাতা দেওয়া হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.