২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া প্রটোকল কর্মকর্তা পুলিশ রিমান্ডে

প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা পরিচয়ে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে তিনদিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 02:45 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা পরিচয়ে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে তিনদিনের হেফাজতে নিয়েছে পুলিশ। গ্রেপ্তার বিশ্বজিৎ দেকে (৩৭) রোববার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম আজিজুল হকের আদালতে হাজির করে সাতদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমিত চায় পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত তিনদিনের হেফাজত অনুমোদন করেছে। এ ঘটনায় অন্য কেউ যুক্ত কি না তা জানতে রোববার রাত থেকেই বিশ্বজিৎকে জিজ্ঞাাসাবাদ শুরু করা হয়েছে বলে তিনি জানান। বিশ্বজিৎকে নগরীর চকবাজার এলাকার লাল চাঁদ সড়ক থেকে শনিবার গ্রেপ্তার করে পুলিশ। একটি মামলার তদন্ত নিয়ে বিশ্বজিৎ শুক্রবার রাতে দুই দফায় নিজেকে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা প্রলয় জোয়ারদার পরিচয় দিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) আমেনা বেগমকে টেলিফোনে হুমকি দেন। বৃহস্পতিবার রাতে নগরীর জামালখান এলাকায় স্থানীয় বার্তাসংস্থা বিএনএ'র সাংবাদিক ইয়াসীন হীরার ব্যক্তিগত গাড়ির সঙ্গে বিশ্বজিৎ-এর জিপ গাড়ির সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন হীরা। ওই অভিযোগের তদন্ত নিয়ে 'বাড়াবাড়ি না করার' জন্য হুমকি দেওয়া হয়। এ ঘটনায় কোতয়ালি থানার উপ-পরিদর্শক রুহুল আমিন একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২০৩৬ ঘ.