২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী ভাঙন রোধে আসম রবের নেতৃত্বে পদযাত্রা

মেঘনার ভাঙন রোধে লক্ষ্মীপুরে হাজারো মানুষ নিয়ে পদযাত্রা করেছেন আসম রব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 01:43 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

লক্ষ্মীপুর, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনার ভাঙন রোধে লক্ষ্মীপুরে হাজারো মানুষ নিয়ে পদযাত্রা করেছেন আসম রব। রোববার দুপুরে রামগতি বাজার থেকে শুরু হয়ে ওই পদযাত্রা লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পদযাত্রার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ হয়। এরপর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। লক্ষ্মীপুর নাগরিক মঞ্চ, জাসদ (জেএসডি), লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, লক্ষ্মীপুর প্রেসক্লাব ও পরিবেশ আন্দোলন যৌথভাবে এ পদযাত্রার ডাক দেয়। জাসদের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী রবের নেতৃত্বে এ পদযাত্রায় রামগতি, কমলনগর ও সদর উপজেলার ভাঙন কবলিত এলাকার কয়েক হাজার জনতা মানুষ স্বতঃস্ফূর্র্তভাবে অংশ নেয়। "আর কোনো দাবি নাই, মেঘনা নদীর খনন চাই', 'ভাঙনের কবল থেকে, ভিটে-মাটির রক্ষা চাই'- স্লোগান সম্বলিত ফেস্টুন-ব্যানার বহন করে পদযাত্রায় অংশ নেওয়া মানুষরা। পদযাত্রা রামগতি থেকে জেলা সদরে আসার পথে আলেকজান্ডার বাজার, হাজিরহাট বাজার, লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনীতে পথসভা করে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে রামগতি এলাকার সাবেক সংসদ সদস্য রব বলেন, "গুচ্ছগ্রামসহ রামগতি ও কমলনগর উপজেলা রক্ষা করতে প্রধানমন্ত্রী যদি নদী শাসনে পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে ভাঙন কবলিত লাখ লাখ মানুষ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য তার কার্যালয়ের সামনে আমরণ অনশন করবে।" মো. খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রবের স্ত্রী তানিয়া রব, ছিদ্দিক উল্যা কবির, হাজীর হাট কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মোতালেব, লক্ষ্মীপুর জেলা জেএসডি সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার আনোয়ারুল হক, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন রিয়াজ প্রমুখ। গত কয়েক বছরে মেঘনার ভাঙনে রামগতি ও কমলগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান, দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, পাকা ও আধা পাকা সড়ক, বসত বাড়িসহ অন্তত ২০ হাজার জমি বিলীন হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানায়। সমাবেশের পর ভাঙন কবলিত মানুষের পক্ষে রব প্রধানমন্ত্রী বরাবর একটি স্মরকলিপি জেলা প্রশাসক আবুল বাশার মো. জহুরুল ইসলামের কাছে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৫ ঘ.