২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমের কারণে সূত্রাপুরে যুবক হত্যার অভিযোগে মামলা

রাজধানীতে শুক্রবার নিহত মাহবুবুর রহমান রবিনকে প্রেমের কারণে পিটিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ এনে মামলা করেছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 01:17 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে শুক্রবার নিহত মাহবুবুর রহমান রবিনকে প্রেমের কারণে পিটিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ এনে মামলা করেছে তার পরিবার। স্ত্রূাপুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এমামুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের বড় ভাই মাসুদুর রহমান তপন বাদী হয়ে মঙ্গলবার রাতে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, তার ছোট ভাই (রবিন) স্থানীয় দুলাল মিয়ার মেয়ের সঙ্গে প্রেম করতেন। দুলাল মিয়ার স্ত্রী হাফসা বেগম ঈদের দিন রবিনকে তাদের বাসায় আটকে রাখে এবং মারধর করে। পরে ওই বাসার কাজের ছেলে স্বপন এসে স্থানীয় জুয়েল, সোমা ও গাজি আবুবকর সিদ্দিককে বাসায় ডেকে নিয়ে রবিনকে শাসায়। শুক্রবার সন্ধ্যার দিকে রবিনের বন্ধু রাজিব, সুমন ও ওই বাসার কাজের ছেলে স্বপন তাদের বাসায় এসে সেমাই খেয়ে বাসা থেকে বের হয়ে যায়। পরে রাত ৯টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় নাসির উদ্দিন সরদার লেনের আল মঈন মাদ্রাসার সামনে পাওয়া যায়। স্বজনরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার কিছুক্ষণ পর মারা যান রবিন। এমামুল বলেন, দুলাল মিয়া, তার স্ত্রী এবং বাড়ির কাজের ছেলে স্বপন, রাজিব, সুমন আর তার দলবল রবিনকে পিটিয়ে হত্যা করেছে বলে তার সন্দেহ বলে মামলার অভিযোগে উল্লেখ করেছেন মাসুদুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাসুদুর জানান, ওই ঘটনার পর থেকে দুলাল মিয়ার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ। দুই ভাই এক বোনের মধ্যে রবিন সবার ছোট। তাদের বাসা সূত্রাপুরের ৭৯ নাসির উদ্দিন সরদার লেনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৯০২ ঘ.