২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর সংঘর্ষ-ভাংচুর

সিরাজগঞ্জ জেলা শহরে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 01:00 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ জেলা শহরে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার একটি সঙ্গীতানুষ্ঠানে (কনসার্ট) দুই দল যুবকের মারামারিকে কেন্দ্র করে রোববার সকালে রেলওয়ে কলোনিতে এ সংঘাত বাঁধে বলে পুলিশ জানায়। সংঘর্ষের সময় অন্তত ২০টি বাড়ি ভাংচুর হয় বলে স্থানীয়রা জানিয়েছে। পুলিশ গ্রেপ্তার করেছে পাঁচজনকে। স্থানীয়রা জানায়, শনিবার রাত ৮টার দিকে রেলওয়ে কলোনির মিরপুর মহল্লার যুবকরা বেলতলায় মাঠে স্থানীয় শিল্পীদের নিয়ে কনসার্টের আয়োজন করে। ওই অনুষ্ঠানে কলোনির মধ্যপাড়ার কয়েক যুবকের সঙ্গে বেলতলার যুবকদের কথা কথাকাটি হয়। এক পর্যায়ে বেলতলার যুবকরা মধ্যপাড়ার বাবু ও রজব আলীকে অ্যান্টিকাটার দিয়ে গলায় আঘাত করে। ওই ঘটনার পর মধ্যপাড়ার একদল যুবক রাতেই বেলতলায় গিয়ে কয়েকটি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে বলে স্থানীয়রা জানায়। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতের ঘটনার জের ধরে রোববার সকালে বেলতলার যুবকরা মধ্যপাড়া মহল্লায় হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষ দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে। পরে পুলিশ ও র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষে ৩০ জন আহত হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। এর মধ্যে বড় বাবু, পারভেজ, রজবসহ কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি ঘটায় মধ্যপাড়ার আনিছার রহমানকে বগুড়া পাঠানো হয়। পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ জানান, সংঘর্ষস্থল থেকে আবু তাহের, রাসেল, আল-আমিন, অন্ত ও মানিক নামে পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে শহরের বাহিরগোলায় সয়াগোবিন্দ বাদ্যকর পাড়া এবং জানপুর পশ্চিম মহল্লার বাসিন্দাদের মধ্যে শনিবার রাত থেকে রোববার বিকাল পর্যন্ত কয়েক দফা সংঘর্ষে আহত হয়েছে ২৫ জন। একটি মোবাইল সেট চুরি নিয়ে দুই মহল্লার যুবকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে পুলিশ জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা এবং রবার বুলেট ছোড়ে। সদর থানার ওসি বাসুদেব সিনহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের পরিচয় পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৮৪৪ ঘ.