চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তের মেয়াদ আরো ৯০ দিন বাড়ানোর আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অধিকতর তদন্তের মেয়াদ বাড়াতে এ নিয়ে ১১ দফায় আবেদন হলো।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডি'র সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী রোববার বিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিনের মাধ্যমে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ আবেদন জমা দেন।
আগামী ২৫ নভেম্বর আবেদনের শুনানি হবে। ওই দিনই ১০ম দফায় বাড়ানো ৬০ দিনের অধিকতর তদন্তের মেয়াদ শেষ হচ্ছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান।
গত ২৬ সেপ্টেম্বর মহানগর দায়রা জজ ১০ম দফায় তদন্ত কর্মকর্তার ৯০ দিন সময় বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে ৬০ দিন সময় মঞ্জুর করেন।
মামলার আইও মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত শেষ না হওয়ায় পুনরায় সময় বাড়ানোর আবেদন জানানো হয়েছে।"
এছাড়া সাক্ষী হিসেবে সাবেক কয়েকজন পুলিশ কর্মকর্তার জবানবন্দি যাচাই-বাছাই এবং আরও তথ্য উদঘাটনের জন্য সময় চাওয়া হয়েছে।
আইও জানান, এই মামলার গ্রেপ্তার দেখানো সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই করা প্রয়োজন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র খালাসের সময় ধরা পড়ে।
তৎকালীন মহানগর পিপি আহসানুল হক হেনার আবেদনের প্রেক্ষিতে ২০০৮ এর ১২ ফেব্র"য়ারি মহানগর দায়রা জজ এএনএম বশিরুল্লাহ ১০ ট্রাক অস্ত্র মামলা অধিকতর তদন্তের নির্দেশ দেন। পুলিশ কর্তৃপক্ষ এএসপি ইসমাইল হোসেনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়। তিনি দুইদফা সময় নিয়েও তা শেষ করতে পারেননি।
২০০৯-এর ১৮ জানুয়ারি মহানগর পিপির আবেদনের প্রেক্ষিতে আদালত পুনরায় এ মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের নির্দেশ দেন।
বর্তমান আইও মনিরুজ্জামান চৌধুরী আট দফায় অধিকতর তদন্তের সময় নেন।
বর্তমান আইও'র অধিকতর তদন্তের সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআই'র সাবেক দুই প্রধানসহ পাঁচ কর্মকর্তা, সিইউএফএল'র সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপককে (প্রশাসন) গ্রেপ্তার করা হয়।
এছাড়া এই মামলায় সাবেক দুই সচিব, তিন পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ এবং এদের অনেকেই আদালতে মামলার সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮২২ ঘ.
bdnews24