২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের চিরারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চিরারচরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবার খোলা আকাশের নিচে বাস করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 12:18 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

চাঁদপুর, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চিরারচরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবার খোলা আকাশের নিচে বাস করছে। একটি ঘাটের আধিপত্য নিয়ে বিরোধের জেরে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের চরউমেদ এবং সদরের রাজরাজেশ্বরের চরবাসীর মধ্য শুক্রবার বিকালে এ সংঘর্ষ হয়। ঘটনার পর মেঘনার ওই চরে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ ঘটনায় শনিবার চরউমেদের শামীম হোসেন বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় পুলিশ নয় জনকে আটক করেছে। রোববার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সদরদপ্তর) মোহাম্মাদ হানিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) সহিদউল্লাহ চৌধুরী বলেন, চরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আপাতত চিরাচরে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। দু'জন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল সেখানে অবস্থান করছে। পরিস্থিতি এখন শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হচ্ছে। খুব শিগগিরই এসব পরিবারকে গৃহ নির্মাণের জন্য টিন ও অন্যান্য সহায়তা দেওয়া হবে। শুক্রবারের সংঘর্ষে চিরারচরের ৩০টি বসতঘর আগুনে পুড়ে যায়। ওই সময় ব্যাপক লুটপাটও হয়। হামলায় আহত হয় অন্তত ৩০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৮ ঘ.