বরিশাল, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বরিশালে এক হিন্দু পরিবারের ওপর হামলার পর এবার তাদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
হামলার ঘটনায় মামলা করাতেই ক্ষিপ্ত হয় শুক্রবার রাতে বাড়ির একটি ঘরে আগুন দেওয়া হয় বলে দাবি করেছেন হিন্দু পরিবারের সদস্য সঞ্জীব চন্দ্র বাইন। তার অভিযোগ জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতার বিরুদ্ধে।
পুলিশ বলছে, হামলার অভিযোগের সত্যতা পাওয়া গেলেও ওই বাড়ির রান্নাঘরে আগুন দেওয়া হয়েছে, না দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি।
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর বাইন এলাকার সঞ্জীবদের বাড়িতে বুধবার হামলা হয়।
চরমোনাই ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল সিকদারের নেতৃত্বে ওই হামলা হয় অভিযোগ করে বরিশাল কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
সঞ্জীব সাংবাদিকদের বলেন, "মামলা করায় ক্ষিপ্ত হয়ে তারা (মোজাম্মেলের সহযোগী) শুক্রবার রাত আড়াইটার দিকে তাদের বাড়ির রান্নাঘরে আগুন দেয়। পরে স্থানীয়রা এসে ওই আগুন নিয়ন্ত্রণে আনে।"
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুন দেওয়ার বিষয়টি নিয়ে সন্দেহ রয়েছে। তবে হামলার ঘটনার কিছুটা সত্যতা পাওয়া গেছে।"
জমি নিয়ে বিরোধের জের ধরে এ হামলা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৯১২ ঘ.
bdnews24