২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সিএনজি স্টেশন বন্ধ, ভাড়া বৃদ্ধি

ঈদ শেষে কর্মস্থলে ফেরার বিড়ম্বনায় পড়েছেন বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা ও আশপাশের জেলাগুলোর বাসিন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 08:31 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

বগুড়া, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ শেষে কর্মস্থলে ফেরার বিড়ম্বনায় পড়েছেন বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা ও আশপাশের জেলাগুলোর বাসিন্দারা। সিএনজি ষ্টেশন বন্ধ থাকায় বাস ও অটোরিকশা তেলে চালানো হচ্ছে। এ কারণে যাত্রী ও পন্য পরিবহণে দ্বিগুন হারে ভাড়া আদায় করা হচ্ছে। ফলে বাস ও অটোরিক্সার হেলপার ও চালকদের সাথে যাত্রীদের ঝগড়া এমনকি হাতাহাতির ঘটনাও ঘটছে। পশ্চিমাঞ্চলের গ্যাস কোম্পানির বগুড়া ডিপো ব্যবস্থাপক ফজলে আলম জানান, যমুনা সেতুর পূর্বপাড়ে গ্যাস পাইপ লাইন ২৪ ইঞ্চি থেকে বাড়িয়ে ৩০ ইঞ্চি করার কাজ চলছে। সে কারণে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি বৃহস্পতিবার রাত থেকে শুধু আবাসিক এলাকা ছাড়া সিএনজি ষ্টেশন, শিল্প এলাকা ও বিদ্যুতকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। এর ফলে অটোরিকশা, বাস ও ট্রাক আপাতত সিএনজি পাচ্ছে না। ফজলে আলম বলেন, "পাইপ লাইনের কাজ শেষে শনিবার রাত ১২টার পর থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা যায়।" ভুক্তভোগী যাত্রীরা জানান, বগুড়া থেকে নওগাঁর ভাড়া আগে ছিল ৪০ টাকা, এখন নেওয়া হচ্ছে ৮০ টাকা। বগুড়া থেকে জয়পুরহাটের ভাড়া ছিল ৫০ টাকা, নেওয়া হচ্ছে ১শ' টাকা। বগুড়া শহর থেকে সোনাতলার ভাড়া ছিল ২০ টাকা, নেওয়া হচ্ছে ৪০ টাকা। বগুড়া থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ভাড়া ২০ টাকার স্থলে নেওয়া হচ্ছে ৩৫ টাকা। বগুড়া থেকে গোসাইবাড়ির ভাড়া ছিল ৩০ টাকা, নেওয়া হচ্ছে ৫০ টাকা। বগুড়া শহরের সাতমাথা থেকে সিএনজি অটোরিক্সায় মেডিকেল কলেজ পর্যন্ত ভাড়া ছিল জনপ্রতি ৬ টাকা। এখন নেওয়া হচ্ছে ১০ টাকা। সাতমাতা থেকে কেন্দ্রীয় বাসটার্মিনাল পর্যন্ত ভাড়া ৫ টাকার স্থলে নেওয়া হচ্ছে ১০ টাকা। সাতমাথা থেকে বনানী পর্যন্ত ভাড়া ৫ টাকার স্থলে নেওয়া হচ্ছে ১০ টাকা। ভাড়া বৃদ্ধির কারণে বিড়ম্বনা নিয়েই যাত্রীদের কর্মস্থলে ফিরতে হচ্ছে এবং কাঁচামালসহ বিভিন্ন পণ্য সরবরাহে দ্বিগুন ভাড়া গুনতে হচ্ছে। এ ব্যাপারে বগুড়া মটর মালিক গ্র"পের সভাপতি আকতারুজ্জামান ডিউক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনো রুটেই গাড়ি ভাড়া বাড়ানো হয় নি।" বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মণ্ডল বলেন, "সিএনজি ষ্টেশন বন্ধ থাকার কারণে গাড়ি তেলে চলায় মালিকরা ভাড়া বাড়িয়ে দিয়েছে। এতে শ্রমিকদের কোন হাত নেই।" বিআরটিসির পরিচালক (রাজশাহী বিভাগ) শুভাশীষ পোদ্দার লিটন জানান, বিআরটিসির কোন ভাড়া বাড়ানো হয়নি। যথারীতি যাত্রী সেবার জন্য আগের ভাড়ায় বাস চলাচল করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪২৩ ঘ.