ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শান্তিনগরের একটি বাড়ি থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের ধারণা, সুবাইয়া আক্তার মুক্তা (১২) নামে ওই ছাত্রী আত্মহত্যা করেছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে শান্তিনগরের ১০৮ নম্বরে সুবাইয়ার বাড়ি থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে পুলিশ জানায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, সুবাইয়া মারা গেছে।
সুবাইয়ার বড় ভাই নাইমুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন, সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তার বোন।
এর কারণ জানতে চাওয়া হলে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। নাইমুল বলেন, "আত্মহত্যার কিছু আগেও মুক্তা ছোট ভাইয়ের সঙ্গে খেলা করছিলো।"
সুবাইয়ার বাবা হেলালউদ্দিন সাংবাদিকদের জানান, সুবাইয়া সিদ্ধেশ্বরী গালর্স হাই স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়তো।
দুই ভাই এক বোনের মধ্যে সুবাইয়া মেজ।
পল্টন থানার (এসআই) মো. জসিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের জন্য পুলিশের কাছে আবেদন করেছেন হেলাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২১৩৬ ঘ.
bdnews24