২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ, আহত ৩০

চাঁদপুরে দুটি চরের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 02:52 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

চাঁদপুর, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে দুটি চরের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় একটি চরের ২৫টি বসতঘরে আগুনে ধরিয়ে দেয় প্রতিপক্ষ। শুক্রবার বিকালে মতলব উত্তর উপজেলার চরউমেদ ও চাঁদপুর সদরের লগ্নিচারা চরের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। সন্ধ্যায় চাঁদপুর সদর ও মতলব উত্তর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে মতলব উত্তর থানার ওসি রুস্তম আলী শিকদার সাংবাদিকদের জানান, চরউমেদ এলাকার চিরারচর বাজার এবং চাঁদপুর সদরের লগ্নিচারা চরের মধ্যে চলাচল করা ট্রলার ঘাটের দখল নিয়ে কিছুদিন আগে দুই চরবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় দুই থানায় দুটি মামলা হয়। মামলা তদন্তে দুই থানার পুলিশ বৃহস্পতিবার সেখানে যায়। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের পরামর্শ দেয় পুলিশ। ওসি জানান, চরউমেদ এলাকার চিরারচর বাজারে দুইপক্ষ সমঝোতা বৈঠকে বসে। তবে বৈঠকের বিষয়টি আগে পুলিশকে জানানো হয়নি। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বৈঠকের এক পর্যায়ে লগ্নিচারা চরের বাকাউলের নেতৃত্বে চরউমেদে হামলা চালানো হয়। তারা ২৫টি বসতঘর পুড়িয়ে দেয়। মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন পাটওয়ারী জানান, আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে। পরিকল্পিতভাবে তার এলাকার লোকজনের ওপর হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন। অন্যদিকে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজ্জাক চোকদারের দাবি, সংঘর্ষের জন্য তার এলাকার লোকজন দায়ী নয়। চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন মজুমদার বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তবে কেউ আটক হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫১ ঘ.