ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের নারীপ্রগতি আন্দোলনের নেত্রী কবি বেগম সুফিয়া কামালের ১১তম মৃত্যুবার্ষিকী ২০ নভেম্বর শনিবার।
১৯৯৯ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৮৮বছর বয়সে তার জীবনাবসান হয়।
নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন সংগঠন কবির মৃত্যুবার্ষিকী পালন করবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সুফিয়া কামাল স্মৃতি সংসদসহ নানা সংগঠন আজিমপুর কবরস্থানে কবির কবরে পুষ্পার্ঘ্য নিবেদন করবে। এছাড়া আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে কয়েকটি সংগঠন।
বাঙালির ভাষা ও সাংস্কৃতিক আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। বাংলাদেশের নারীমুক্তি আন্দোলনকে তিনি সামাজিক আন্দোলনে পরিণত করে নারী সমাজের উন্নয়নে এক দুঃসাহসী অবদান রাখেন।
বরিশালের শায়েস্তাবাদে ১৯১১ সালের ২০ জুন এক অভিজাত পরিবারে সুফিয়া কামালের জন্ম। বাবা সৈয়দ আবদুল বারি পেশায় ছিলেন আইনজীবী। সুফিয়ার সাত বছর বয়সে তার বাবা দরবেশী জীবন ধারণ করে নিরুদ্দেশ হয়ে যান। এরপর তিনি মায়ের সঙ্গে নানাবাড়িতে বড় হন।
তেমন কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ সম্ভব হয়নি তার পক্ষে। রক্ষণশীল পরিবেশে বাস করেও তিনি হয়ে ওঠেন স্বশিক্ষিত ও সুশিক্ষিত। বাড়িতে উর্দুর চল থাকলেও নিজ চেষ্টায় বাংলা ভাষা শিখে নেন সুফিয়া কামাল। পর্দার ঘোরাটোপ থেকে বেরিয়ে তিনি হয়ে ওঠেন একজন আধুনিক মানুষ।
১৯১৮ সালে মায়ের সঙ্গে কলকাতা চলে যান সুফিয়া। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ হয় রোকেয়া সাখাওয়াৎ হোসেনের।
ছোটবেলা থেকেই পত্র পত্রিকা ও বই পড়ার আগ্রহ থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন। ১৯২৩ সালে তার লেখা প্রথম গল্প 'সৈনিক বধূ' বরিশালের তরুণ পত্রিকায় প্রকাশিত হয়।
ওই বছরেই মাত্র বারো বছর বয়সে মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে সুফিয়ার বিয়ে হয়। বিয়ের পর তিনি জাঁকজমকপূর্ণ মুগল পোশাক বর্জন করে সাধারণ তাঁতের শাড়ি পরা শুরু করেন।
১৯২৫ সালে বরিশালে মহাত্মা গান্ধীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। তারও আগে মহাত্মা গান্ধীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি চরকায় সুতাও কাটেন।
বিয়ের পর স্বামীর সঙ্গে সুফিয়া কামাল কলকাতা যান। সেখানে তিনি বিভিন্ন সাহিত্য ও সমাজকল্যাণমূলক কাজে জড়িত হন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার 'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থ পড়ে উচ্ছ্বসিত প্রশংসা করে আশীর্বাণী পাঠান। এর মাধ্যমেই সুফিয়ার কবিখ্যাতি ছড়িয়ে পড়ে। কবি কাজী নজরুল ইসলাম এই গ্রন্থের ভূমিকা লিখেছিলেন।
১৯২৯ সালে তিনি বেগম রোকেয়া প্রতিষ্ঠিত মুসলিম মহিলা সংগঠন 'আঞ্জুমান-ই-খাওয়াতিন-ই-ইসলাম'-এ যোগ দেন। ১৯৩১ সালে তিনি মুসলিম মহিলাদের মধ্যে প্রথম 'ভারতীয় মহিলা ফেডারেশন'-এর সদস্য নির্বাচিত হন।
১৯৩২ সালে তার স্বামীর মৃত্যু হয়। ১৯৩৩-১৯৪১ সাল পর্যন্ত কলকাতা কর্পোরেশন প্রাইমারি স্কুলে তিনি শিক্ষকতা করেন। ১৯৪৬ সালে কলকাতায় হিন্দু মুসলিম দাঙ্গার সময় তিনি ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ান। পরের বছর তিনি কলকাতায় মোহাম্মদ নাসিরউদ্দীন প্রকাশিত সাপ্তাহিক 'বেগম' পত্রিকার প্রথম সম্পাদক নিযুক্ত হন।
১৯৪৭ সালে তিনি সপরিবারে ঢাকা চলে আসেন। এ সময় সুফিয়া সাহিত্য চর্চার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনেও জড়িয়ে পড়েন।
তিনি ছায়ানট, কচিকাঁচার মেলা ও বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভানেত্রী ছিলেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ নানা গণতান্ত্রিক আন্দোলনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তার দুই মেয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- সাঁঝের মায়া (১৯৩৮), একাত্তরের ডায়েরী, মোর যাদুদের সমাধি পরে, একালে আমাদের কাল, মায়া কাজল (১৯৫১), কেয়ার কাঁটা (১৯৩৭) ইত্যাদি। ২০০২ সালে বাংলা একডেমী সুফিয়া কামালের রচনাসমগ্র প্রকাশ করে।
সাহিত্যচর্চার জন্য সুফিয়া কামাল অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। ১৯৬১ সালে তিনি পাকিস্তান সরকার কর্তৃক জাতীয় পুরস্কার 'তঘমা-ই-ইমতিয়াজ' লাভ করেন। কিন্তু ১৯৬৯ সালে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে তিনি তা বর্জন করেন। এ ছাড়াও তিনি বাংলা একডেমী পুরস্কার (১৯৬২), একুশে পদক (১৯৭৬), নাসিরউদ্দীন স্বর্ণপদক (১৯৭৭), উইমেনস ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস ক্রেস্ট (১৯৯৬), বেগম রোকেয়া পদক (১৯৯৬), দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্বর্ণপদক (১৯৯৬), স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৭) লাভ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৯৩৬ ঘ.
bdnews24