ঢাকা,নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুর থানা এলাকার অভয় দাস লেনে বৃহস্পতিবার রাতে চারটি ফ্ল্যাটে একযোগে চুরি হয়েছে।
ফ্ল্যাটের বাসিন্দারা ঈদের ছুটিতে গ্রামের বাড়ি চলে যাওয়ায় এই সুযোগে চুরির ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
একই সময় ওই রোডের আরেক বাসায় ডাকাতির ঘটনাও ঘটে।
সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৪/২৭ নম্বর অভয় দাস লেনের একটি বাড়ির নিচতলা ও প্রথম তলার দু'টি করে মোট চারটি ফ্ল্যাটে এই চুরির ঘটনা ঘটে।
ছয়তলা ভবনের মূল ফটকের তালা ভেঙ্গে ফ্ল্যাটে চোর ঢোকে। তবে কী চুরি হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
চুরি হওয়া একটি ফ্ল্যাটের ভাড়াটে মো. হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি খুলনা ছিলাম, বাসে ঢাকায় ফিরছি। বাসা থেকে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে জানি না।"
বাসায় ১৫ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা ছিল বলে তিনি জানালেন।
এদিকে চার ফ্ল্যাটে চুরির সময় ১৩/৮ নম্বর অভয়দাস লেনের আরেক বাসার নীচ তলায় জানালার গ্রিল কেটে ডাকাতরা ঘরে প্রবেশ করে বৃদ্ধা ও গৃহপরিচারিকাদের জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণ নিয়ে যায় বলে পুলিশ জানায়।
ওসি জানান, এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/
bdnews24