ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলার মামলার আসামি অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
ঢাকার এ ওয়ার্ড কাউন্সিলরকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ঢাকার দারুস সালাম থানার ওসি আব্দুল মালেক বলেছেন, ডিপজল আত্মগোপন করেছেন। তবে শিগগিরই তাকে খুঁজে বের করা হবে।
ডিপজলের বিরুদ্ধে অভিযোগ, গত ১৬ নভেম্বর গাবতলীতে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে আহত করেছেন তিনি। পুলিশের দায়িত্ব পালনে বাধা ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো ও ওপর হামলার অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে ডিপজলের মহাখালী ডিওএইচএসের বাড়িতে অভিযান চালানো হয়। এর আগে তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চলানো হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি।
ডিপজলের মেয়ের শ্বশুড়বাড়ি, তার নিজের একাধিক বাড়ি, তার নিজস্ব স্যুটিং স্পট ছাড়াও বিভিন্ন স্থানে গত তিন দিন ধরে অভিযান চালানো হচ্ছে। এছাড়া এফডিসিতেও কড়া নজর রাখছে পুলিশ।
ডিপজলের অবস্থান জানার জন্য বিভিন্ন গোয়েন্দা সূত্র কাজ করছে জানিয়ে ওসি বলেন, "পুলিশের ওপর হামলাকে আমরা হালকাভাবে দেখছি না। তাকে আমরা যেভাবেই হোক গ্রেপ্তার করবো।"
ডিপজলের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদি কনস্টেবল আলতাফ উদ্দিন বর্তমানে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা নাজমুল হুদা খান।
তিনি বলেন, "ডিপজল পিস্তলের বাট দিয়ে কনস্টেবল আলতাফ উদ্দিনকে প্রকাশ্যে পিটিয়েছে এবং অকথ্য ভাষায় গালাগাল করেছে। মারধরের কারণে আলতাফের মুখমণ্ডল এবং পিঠে-ঘাড়ে জখম হয়েছে।"
ওয়ার্ড কাউন্সিলর ডিপজলের বিরুদ্ধে চাঁদাবজি, সন্ত্রাসী, সরকারি জমি দখলসহ নানা ধরণের অভিযোগ রয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা নাজমুল। তাকে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে র্যাব গ্রেপ্তার করেছিলো। উদ্ধার করেছিল বেশ কিছু আগ্নেয়াস্ত্র। দুর্নীতি দমন কমিশন ডিপজল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাও করেছিলো তখন।
কারা কর্মকর্তাদের সঙ্গে এক সোফায় বসে কারা অভ্যন্তরে অনুষ্ঠিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা নিয়ে বির্তকও ওঠেছিলো ডিপজলকে নিয়ে।
গত ১৬ নভেম্বর পুলিশকে মারধরের ঘটনার বিষয়ে ওসি আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিগনাল ভঙ্গ করায় গাড়ি থামাতে বললে ডিপজল গাড়ি থেকে বের হয়ে কনস্টেবল আলতাফের কলার চেপে ধরে চড়-থাপ্পর দেয় এবং অকথ্য ভাষায় গালাগাল করে। এ সময় ডিপজল তাকে বলে- 'তুই আমাকে চিনিস, আমি কে? তোর এত বড় সাহস, তুই আমার গাড়ি থামাস।"
"খবর পেয়ে আমরা সেখানে যাই। কিন্তু ততক্ষণে তিনি পালিয়ে যান", বলেন মালেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৭১৪ ঘ.
bdnews24