২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির বাসভবনে ককটেল বিস্ফোরণ

প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বাসভবনের সীমানায় বৃহস্পতিবার রাতে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2010, 04:07 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বাসভবনের সীমানায় বৃহস্পতিবার রাতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। রমনা থানার ওসি শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে অজ্ঞাত কয়েকজন যুবক বিচারপতির বাসভবনের দিকে ককটেল নিপে করে বলে জানান পুলিশের রমনা জোনের ডিসি কৃষ্ণপদ রায়। তিনি বলেন, "ককটেল বাসভবনের সীমানা দেওয়ালের ভেতরে পড়ে বিস্ফোরিত হয়।" স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ঘটনার পর প্রধান বিচারপতির বাসভবনে গিয়েছেন। কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ ঘটনার পর প্রধান বিচারপতির বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন। রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম বলেন, "এ ধরনের ঘটনার কথা শুনে আমি প্রধান বিচারপতির বাসায় এসেছি। তার সঙ্গে কথা বলছি। কেউ আহত হয়নি।" গত ২৬ সেপ্টেম্বর খায়রুল হককে প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। গত ৩০ সেপ্টেম্বর তার নিয়োগ কার্যকর হয়। আগামী বছরের ১৮ মে তার অবসর নেওয়ার কথা। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনরে বিক্ষোভের মধ্যে গত ৪ নভেম্বর চার অতিরিক্ত বিচারপতিকে শপথ পড়ান প্রধান বিচারপতি খায়রুল। চারজনের দুজন রুহুল কুদ্দুস বাবু ও মো. খসরুজ্জামানকে শপথ পড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করে বার অ্যাসোসিয়েশন। এক সময়ের ছাত্রনেতা বাবু একটি মামলার আসামি ছিলেন। খসরুজ্জামানের বিরুদ্ধে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে (ইয়াজউদ্দিন নেতৃত্বাধীন) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ভাংচুরের অভিযাগ ছিলো। অভিযোগ থেকে বাবু ও খসাংজ্জামানকে আদালত অব্যাহতি দিলেও বিএনপি সমর্থক আইনজীবীরা এ নিয়োগের বিরোধিতা করে আসছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্বে এখন বিএনপি সমর্থকরা রয়েছে। গত ১১ এপ্রিল রাষ্ট্রপতি রুহুল কুদ্দুস বাবু ও খসরুজ্জামানসহ ১৭ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এরপর ১৮ এপ্রিল এই দুইজন ছাড়া বাকিদের শপথবাক্য পাঠ করান সাবেক প্রধান বিচারপতি মো. ফজলুল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচএ/পিসি/পিডি/২২৩৯ ঘ.